ইলিয়াস আলীসহ 'গুম' হওয়া কর্মীদের সন্ধান চেয়ে বিএনপির দোয়া
বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীসহ গুম হওয়া সব নেতা-কর্মীর সুস্থতা কামনা করে ও সন্ধান চেয়ে বিশেষ দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি। গতকাল রোববার জোহরের নামাজের পর হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে এ দোয়া মাহফিল হয়।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে ইলিয়াস আলী তাঁর গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। এর আগে ৪ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন ছাত্রদলের কর্মী জুনেদ আহমদ ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার। তাঁদের সরকারই গুম করে রেখেছে বলে অভিযোগ বিএনপির। সবার সন্ধানের দাবিতে ইলিয়াস আলী নিখোঁজের তারিখ অনুযায়ী প্রতি মাসের ১৭ তারিখ জেলা বিএনপি বিশেষ কর্মসূচি পালন করে যাচ্ছে।
গতকালের দোয়া মাহফিলে ইলিয়াস আলীসহ নিখোঁজ সব নেতা-কর্মী এবং হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপির প্রবীণ নেতা ও সাবেক আহ্বায়ক নুরুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক সহসভাপতি ময়নুল হক চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ পাটোয়ারী, ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ অংশ নেন।