ইলিয়াসকে নিয়ে কর্মসূচি না থাকায় গয়েশ্বরের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে দলের কোনো কর্মসূচি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ঢাকার সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান গয়েশ্বর।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বাসায় ফেরার পথে রাজধানীর বনানীর রাস্তা থেকে গাড়ির চালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। গতকাল ছিল তাঁর নিখোঁজ হওয়ার চতুর্থ বার্ষিকী। ইলিয়াস আলীকে নিয়ে বিএনপির কোনো কর্মসূচি ছিল না।
গয়েশ্বর অভিযোগ করেন, অতীতে যারা ইলিয়াস আলীর বিরুদ্ধে ছিল, তারা এখনো তাঁর বিরুদ্ধে সক্রিয়। ইলিয়াস আলীর অনুসারীদের রাজনীতিতে থাকতে দেওয়া হচ্ছে না। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার কিছুদিনের মাথায় বিএনপির আন্দোলন কেন থেমে গেল, তা নিয়েও প্রশ্ন তোলেন গয়েশ্বর।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীরকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন।