ইলিয়াসের আসনে প্রার্থী হতে চান তাঁর স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর আসনে প্রার্থী হতে প্রস্তুত বলে জানিয়েছেন তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। গতকাল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য তাহসিনা বলেন, দল নির্বাচনে গেলে এবং তাঁকে মনোনয়ন দিলে তিনি বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর আসনে নির্বাচন করবেন। স্থানীয় মানুষের আকাঙ্ক্ষা এবং এলাকার মানুষের প্রতি স্বামীর দায়বদ্ধতার কারণেই তিনি তাদের সঙ্গে আছেন। বিএনপি চেয়ারপারসনের নির্দেশেই ইলিয়াস আলীর জায়গাটি ধরে রাখতে তাঁকে মাঠে নামতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

তাহসিনা জানান, যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছেলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে তিনি লন্ডন এসেছেন।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। ওই রাতে ঢাকার মহাখালীর বাসার কাছে পরিত্যক্ত অবস্থায় তাঁর গাড়ি পাওয়া গিয়েছিল। সাবেক সাংসদ ইলিয়াসকে সরকার ‘গুম’ করেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। ইলিয়াস আলীর সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের নীতিনির্ধারকদের কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তাহসিনা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীও আমাকে আশ্বাস দিয়েছিলেন, তিনি চেষ্টা করবেন। কিন্তু বাস্তবে আমরা আশ্বাসের কোনো প্রতিফলন পাইনি।’

মতবিনিময়ের সময় বিএনপির নেতারা ছাড়াও ইলিয়াস-তাহসিনা দম্পতির ছেলে আবরার ইলিয়াস ও লাবিব শারার এবং ইলিয়াস আলীর ভাই আসকির আলী উপস্থিত ছিলেন।