ইসরায়েলকে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র: কৃষিমন্ত্রী

ইসরায়েলকে যুক্তরাষ্ট্র মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা যে দেশের হোক, যে জাতির হোক, যে ধর্মের হোক, সে সন্ত্রাসী। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার নিজের নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৌরসভা কার্যালয়ে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পৌরসভা কার্যালয়ে দুস্থদের মধ্যে ভিজিএফের চাল, শাড়ি, শার্ট বিতরণ করেন মতিয়া চৌধুরী।
জাতিসংঘের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, তাঁরা কথায় কথায় বিভিন্ন দেশকে উপদেশ দেন। গাজায় এত মানুষ মারা যাওয়ার পর তাঁরা নিরাপত্তা পরিষদে বসেছেন। ওনারা তো নিরাপদে আছেন, কিন্তু গাজার মানুষ নিরাপদে নেই।
এ দেশে যাঁরা কথায় কথায় জিহাদ করেন, তাঁদের ফিলিস্তিনে গিয়ে জিহাদ করার পরামর্শ দেন কৃষিমন্ত্রী। তিনি তাঁদের দেশের ভেতর সাধারণ মানুষকে না মেরে বাপের বেটা হিসেবে ফিলিস্তিনে গিয়ে বীরত্ব দেখানোর কথা বলেন।
পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নে গরিব-দুস্থদের মাঝে ১০ কেজি করে ছয় হাজার জনকে চাল, এক হাজার ২৫০ জনকে শাড়ি, এক হাজার ৮০০ জনকে লুঙ্গি, শার্ট, ট্রাউজার, গেঞ্জি, ২৫০ জন শিক্ষার্থীকে জামা এবং ২৫০ জন বয়স্ক, ১০৫ জন বিধবা ও ২৫ জন প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হয়।
এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা, মেয়র আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক, দপ্তর সম্পাদক রেজাউল করিমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।