ইসরায়েলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। কোনো ধরনের ষড়যন্ত্রের প্রশ্নই উঠতে পারে না। বিএনপি বিশ্বাস করে কেবল নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব। তিনি বলেন, ফিলিস্তিনের অধিকার ও সার্বভৌমত্বের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে।
মির্জা ফখরুল গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, কয়েকটি পত্রপত্রিকায়, বিশেষ করে একটি পত্রিকায় খবর এসেছে যে বিএনপির সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পর্ক রয়েছে। বিএনপি এই খবরের প্রতিবাদ জানিয়েছে।
সম্প্রতি প্রকাশিত ওই সব খবরে বলা হয়, সরকারকে ক্ষমতাচ্যুত করতে মোসাদের এজেন্টের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী দিল্লিতে একাধিক বৈঠক করেছেন। ইসরায়েলের সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনস নামে একটি প্রতিষ্ঠানের প্রধান মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর একাধিক ছবিও প্রকাশ করা হয়। পরে এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও মন্তব্য করেন।
এ প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বিএনপি ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত, যথেষ্ট প্রমাণ আছে তাঁদের কাছে, যা দিয়ে তাঁরা বিএনপিকে নিষিদ্ধও করতে পারেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপির সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্কই নেই।’
বিএনপির একটি সূত্র জানায়, মোসাদের সঙ্গে বিএনপিকে জড়িয়ে খবর প্রকাশের পর একটি প্রতিনিধিদল ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসে গিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে।
মেন্দি এন সাফাদির সঙ্গে কোনো বৈঠক হয়েছে কি না জানতে চাইলে বিএনপির নেতা আসলাম চৌধুরী গতকাল বলেন, তিনি গত মার্চে ব্যক্তিগত সফরে ভারতে গেলে অন্য একজনের মাধ্যমে সাফাদির সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা বিভিন্ন পর্যটন এলাকায় একসঙ্গে ঘুরেছেন, খাওয়াদাওয়া করেছেন। কিন্তু কোনো বৈঠক করেননি।