ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে আঘাত হেনেছে জঙ্গিরা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে ধর্মের নামে জঙ্গিরা আঘাত হেনেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী এবং জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তিরাই এই তাণ্ডবের সঙ্গে যুক্ত রয়েছে। ২০১২ সালে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর সঙ্গে সঙ্গে তারা দেশজুড়ে তাণ্ডব শুরু করেছিল। ২০১৪ সালের নির্বাচনকে ঘিরে এবং ২০১৫ সালে কোনো কারণ ছাড়াই তারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে এখন তারা গুপ্তহত্যা শুরু করেছে।