সমাজে বিশৃঙ্খলা ঠেকাতে ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দলগুলোকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘ইসলামি মূল্যবোধ এ দেশে প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের কোনো মুক্তি নেই। সমাজে শান্তি আসবে না।’
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় ইসলামি মহাজোট’ নামে ৩৪টি অখ্যাত দল নিয়ে নতুন রাজনৈতিক মোর্চার আত্মপ্রকাশ অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।
এরশাদ আয়োজকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের মধ্যে ঐক্য নাই। যদি ইসলামি দর্শনে বিশ্বাসী দলগুলোর মধ্যে ঐক্য থাকত, তাহলে আপনারা আজ ক্ষমতায় থাকতেন। আমরা স্বাধীনতার চেতনা, ইসলামি মূল্যবোধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে নিয়ে একটি জোট করতে চাচ্ছি। সে জোটের নেতৃত্ব যদি আমাকে দেন, তাহলে খুশি হব।’
জাতীয় ইসলামি মহাজোটের আহ্বায়ক আবু নাসের ওয়াহেদ লিখিত বক্তব্যে ৩৪টি দলের নাম পড়েন। এর মধ্যে একটি বাদে কোনোটিরই রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন নেই।