ইসলামিক ফাউন্ডেশন খুতবা নিয়ে কেন এত তৎপর : কাদের সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদের বিরুদ্ধে নিজস্ব খুতবা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের তৎপরতা নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, এরাও জঙ্গির সঙ্গে জড়িত কি না!
আজ শুক্রবার দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী এ সন্দেহের কথা প্রকাশ করেন।
‘জঙ্গিদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই’—প্রধানমন্ত্রীর সাম্প্রতিক একটি বক্তব্যের উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর বক্তব্য শতভাগ সমর্থন করি। এ কথাটা আমরা বহুদিন ধরে বলে আসছি যে ইসলামে জঙ্গির কোনো জায়গা নেই।’ তিনি বলেন, এই যে বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ড, এটা ইসলাম প্রতিষ্ঠার জন্য নয়, আবার ইসলামকে ধ্বংস করার জন্যও নয়। এটা রাষ্ট্রের কিছু করার জন্য, সরকারের কিছু করার জন্য। তাই এটা থেকে ইসলামকে আলাদা করে রাখাই ভালো।
কাদের সিদ্দিকী বলেন, ‘দুর্বল কিছু লোক, তারা এটার (জঙ্গি) সঙ্গে ইসলামকে জড়ায়। আমি জানি না, ইসলামিক ফাউন্ডেশন কেন নতুন খুতবা, তাদের নিজস্ব খুতবা দেওয়ার জন্য এত তৎপর হয়েছে। এরাও কি জঙ্গির সঙ্গে জড়িত কি না! খুতবা হাদিস-কোরআনে স্পষ্ট আছে, তাই এটা সেভাবেই হওয়া উচিত।’
প্রসঙ্গত, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার পর ইসলামিক ফাউন্ডেশন খুতবা তৈরি করে তা সারা দেশের সব মসজিদে পড়ার জন্য ইমামদের প্রতি অনুরোধ জানায়। এ নিয়ে বিভিন্ন ইসলামি দল ও সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, খুতবা তৈরি করে তা পড়তে বাধ্য করা ধর্মীয় বিষয়ে অবৈধ হস্তক্ষেপ।