ইসলামিক ফ্রন্টকে ১৪ দলে না নেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলে ইসলামিক ফ্রন্টকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত হয়েছে। তবে এই সংগঠনের সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতা হতে পারে বলে একমত হয়েছেন ১৪ দলের নেতারা।
ইসলামিক ফ্রন্টকে ১৪ দলে অন্তর্ভুক্ত করা হবে কি না, এ বিষয়ে আলোচনার জন্য জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে শরিক দলের কয়েকজন নেতা অনানুষ্ঠানিকভাবে গতকাল সোমবার বৈঠক করেন। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে মোহাম্মদ নাসিমের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে একাধিক নেতা পরে প্রথম আলোকে নিশ্চিত করেন।
বৈঠকে মোহাম্মদ নাসিম ছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী ও গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র বলেছে, প্রথমে ১৪ দলের নেতারা নিজেদের মধ্যে আলোচনা করেন। পরে ইসলামিক ফ্রন্টের নেতাদের নিয়ে বৈঠক করে তাঁদের ১৪ দলের অবস্থান জানিয়ে দেওয়া হয়।
সূত্র বলেছে, নিজেদের মধ্যে আলোচনায় ১৪ দলের নেতারা একমত হন যে ইসলামিক ফ্রন্টের গঠনতন্ত্র ১৪ দলের আদর্শিক ভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তাদের জোটে নেওয়া ঠিক হবে না। তবে ২০০৮ সালে এইচ এম এরশাদের জাতীয় পার্টিসহ অন্যদের সঙ্গে যেভাবে নির্বাচনী জোট করা হয়েছিল, সে রকম কোনো সম্পর্ক রাখা যেতে পারে। পরে ইসলামিক ফ্রন্টের নেতাদের জানিয়ে দেওয়া হয়, ১৪ দলের প্রধান শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে তাঁদের নির্বাচনী জোটে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে। পরে তাঁদের সিদ্ধান্ত জানানো হবে।
জানতে চাইলে শিরীন আখতার প্রথম আলোকে বলেন, ইসলামিক ফ্রন্টকে ১৪ দলের কাঠামোয় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পরে নির্বাচনী জোটে তাদের অন্তর্ভুক্ত করা যেতে পারে।