ইসলামে গুপ্তহত্যা নিষিদ্ধ: হেফাজত
হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, সংঘবদ্ধ গুপ্তঘাতক চক্র দেশে টার্গেট কিলিংয়ে (বেছে বেছে হত্যা) মেতে উঠেছে। বেশ কয়েকটি ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনও এর শিকার হয়েছেন। এসব ঘটনায় দেশবাসী আতঙ্কিত। গুপ্তহত্যার নিন্দা জানিয়ে হেফাজতের নেতারা বলেন, ইসলামের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। গুপ্তহত্যা, অতর্কিত সন্ত্রাসী হামলা, গুম, খুন, বৃদ্ধ, মহিলা ও শিশুহত্যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে হেফাজত আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নেতারা এসব কথা বলেন। শিক্ষানীতি এবং প্রস্তাবিত শিক্ষা আইন বাতিল, গুপ্তহত্যা, গুম, খুন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা সরওয়ার কামাল আজিজি প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তার অধীনে একজন মানুষও আততায়ী, সন্ত্রাসী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে বিনা বিচারে নিহত হোক, এটা কোনো বিবেকবান মানুষ কামনা করেন না। ইসলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। কিন্তু লক্ষ করা যাচ্ছে, কতিপয় ইসলামবিদ্বেষী চক্র পরিকল্পিতভাবে ইসলাম ও সন্ত্রাসবাদকে একাকার করে মুসলমানদের কলঙ্কিত করতে চাচ্ছে।
হেফাজত নেতারা বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম বা জাতপাত নেই। ওরা শুধুই অপরাধী। প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে এবং সন্ত্রাস দমনের নামে সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে ইসলামি শিক্ষা, কৃষ্টি, সভ্যতা ও সংস্কৃতি সুরক্ষায় সরকারের কাছে ১০ দফা দাবি জানান হেফাজতে ইসলামের নেতারা। এসব দাবির মধ্যে রয়েছে শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষা আইন বাতিল করা, শিক্ষার সব স্তরে ইসলামি শিক্ষাকে প্রাধান্য দেওয়া, পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনায় বিশেষজ্ঞ আলেমদের অন্তর্ভুক্ত করা, কওমি মাদ্রাসা ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ করা ইত্যাদি।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ধর্মীয় শিক্ষাকে শুধু সংকোচন করেছে। মুসলিম সংস্কৃতির প্রতি উদ্দীপনামূলক গল্প, রচনা ও কবিতা বাদ দিয়ে দিয়েছে। এ কারণে দেশব্যাপী অভিভাবক মহলে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।