ইসলামের খেদমতে অন্য কেউ এত কাজ করেনি: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ইফতার ও আলোচনা সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের মতো অন্য কোনো সরকার ইসলামের খেদমতে এত কাজ করেনি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, গত সাড়ে ১৩ বছর আওয়ামী লীগ দেশ পরিচালনার আগে অনেক সরকার এসেছে, কিন্তু ইসলামের খেদমতে অন্য কেউ এত কাজ করেনি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ বলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল শতবর্ষ পুরোনো। কিন্তু কেউ সেই দাবি পূরণ করেনি। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। একইভাবে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি এবং তাদের সরকারি চাকরি দিয়েছেন নেত্রী।

দেশে প্রায় এক লাখ মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা, মক্তবপ্রতি শিক্ষককে মাসে ৫ হাজার ২০০ টাকা ভাতা দেওয়া, ২০ হাজার দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসাকে ১২ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া শেখ হাসিনা নিজ উদ্যোগে চালু করেছে বলেও জানান তিনি।

জেলা ও উপজেলায় মসজিদ নির্মাণ প্রসঙ্গ টেনে সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বহু ইসলামি রাষ্ট্র আছে, কিন্তু একমাত্র বাংলাদেশেই বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে সারা দেশে একসঙ্গে প্রতি জেলা ও উপজেলায় ৬০০ মসজিদ নির্মিত হচ্ছে। এ মসজিদগুলো বাইরে থেকে দেখলে চোখ জুড়িয়ে যায়, ভেতরে ঢুকলে মন জুড়িয়ে যায়।

ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।