ইসি আ.লীগের প্রতি নির্দয়: হানিফ
আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) বিএনপির প্রতি সদয়, আওয়ামী লীগের প্রতি নির্দয়।’ আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
দুপুরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও দীপু মনি, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে হানিফ বলেন, ‘বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ প্রার্থীদের হয়রানি করা হচ্ছে। আমাদের এক মন্ত্রী শুক্রবার নামাজের পর কয়েকজনের সঙ্গে কোলাকুলি করেছেন, তাতেই তাঁর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।’
হানিফ বলেন, ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এখন বিএনপির জন্য লেভেল প্লাস প্লেয়িং ফিল্ড হয়ে গেছে। আমরা ইসির কাছে নিরপেক্ষ আচরণের অনুরোধ করেছি। আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে যেন তদন্ত করে নেওয়া হয় সে অনুরোধ করেছি।’