ইসি কী করে, তা দেখে বিএনপির পরবর্তী পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের পর সহায়ক সরকারের প্রস্তাব নিয়ে মাঠে নামার কথা ভাবছে বিএনপি। তার আগে দলের নীতিনির্ধারকেরা দেখতে চাইছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে নির্বাচন কমিশন (ইসি) কী পদক্ষেপ নিচ্ছে।

বিএনপির উচ্চপর্যায়ের সূত্র জানায়, নির্বাচন কমিশন ও সরকারের মনোভাব দেখে দলের নীতিনির্ধারকেরা পরবর্তী করণীয় ঠিক করবেন। এরই মধ্যে বহুল আলোচিত নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের রূপরেখা তৈরি করা হয়েছে। খুব শিগগির তা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে দেওয়া হবে। এরপর একটি উপযুক্ত সময়ে এই রূপরেখা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বিএনপির নেতারা বলছেন, নির্বাচন কমিশনের সংলাপে যে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে, তার মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তার নেতৃত্বাধীন জোটের শরিক ও সরকারের অংশীদারদের বাদ দিলে প্রায় সবাই সংসদ ভেঙে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করেছে। অর্ধেকেরও বেশি দল নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন চেয়েছে। একই সঙ্গে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাবও জোরালোভাবে উঠে এসেছে। যদিও বিএনপির এসব প্রস্তাবের ঠিক বিপরীত অবস্থান সরকারি দল আওয়ামী লীগের।

এ বিষয়ে গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনে আওয়ামী লীগ যে ১১ দফা প্রস্তাব দিয়েছে, তা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক নয়। তাঁর দাবি, কীভাবে নির্বাচনকে নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে ভোটের ফল পাল্টে দেওয়া যায়, সেই কৌশলই আছে ওই সব প্রস্তাবে, যা সম্পূর্ণভাবে জনমতের বিপরীত।

বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, এ অবস্থায় বিএনপি দেখতে চাইছে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কী ধরনের পদক্ষেপ নেয়। এরই পরিপ্রেক্ষিতে দলের পরবর্তী কর্মপন্থা ঠিক করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচনের দিকে যাচ্ছে, নাকি লোকদেখানো প্রক্রিয়ার মাধ্যমে আবারও ক্ষমতা দখলের দিকে যাচ্ছে, সেটা জনগণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা এখন দেখব, নির্বাচন কমিশন কোন দিকে যায়, তারা কী করে।’

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দিন বিমানবন্দরে এবং পরদিন জামিন নিতে আদালতে যাওয়ার পথে লোকজনের বিপুল উপস্থিতিতে বিএনপির নেতা-কর্মীরা কিছুটা উজ্জীবিত। এটা বিএনপির সহায়ক সরকারের আন্দোলনের জন্য সহায়ক বলেও মনে করছেন নেতাদের অনেকে। আমীর খসরু মাহমুদ বলেন, ‘খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে লাখো মানুষ বিমানবন্দরে গেছেন। এটা অভূতপূর্ব ব্যাপার এবং তা সরকারের জন্য একটা মেসেজ। আমরা মনে করি, একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সংগ্রাম, এটা জনগণকে আরও উদ্বুদ্ধ করবে।’

বিএনপির নেতারা জানান, তিন মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর গতকাল পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতাদের কারও কথাবার্তা হয়নি। বুধবার রাত আটটায় তিনি বিমানবন্দর থেকে বাসায় ফেরেন। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি আদালতে যান জামিন নিতে। শুক্রবার সাধারণত তিনি বাসা থেকে বের হন না। জানা গেছে, শিগগির খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে সহায়ক সরকারের রূপরেখার বিষয়টি চূড়ান্ত হতে পারে।

অবশ্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ নির্বাচন কমিশনে যে সংলাপ করেছে সেখানে স্পষ্টই বলেছে যে সংবিধানে যে ব্যবস্থা আছে সেভাবেই নির্বাচন হবে। কিন্তু বিএনপি যেসব প্রস্তাব দিয়েছে, বিশেষ করে নির্বাচনকালীন সহায়ক সরকার সম্পর্কে, তা সংবিধানে নেই। তিনি বলেন, তাদের উচিত নির্বাচন সুষ্ঠু করার জন্য এর ব্যবস্থাপনায় কী পরিবর্তন আনা যায়, সেসব বিষয়ে বেশি ভাবা। অন্তর্বর্তীকালীন যে সরকার, সেটা মীমাংসা হয়ে গেছে। তা নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ হবে না।

এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকারের রূপরেখা প্রস্তুত করেছে। চেয়ারপারসন দেশে ফিরেছেন, এখন উপযুক্ত সময়ে সেই রূপরেখা দেব। এরপর জনমত আদায়ের জন্য কর্মসূচিতে যাব।’