ইসি গঠন ও নতুন নির্বাচন পদ্ধতির প্রস্তাব এরশাদের
বর্তমান সংসদেই নির্বাচন কমিশন গঠনের জন্য আইন পাস করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। একই সঙ্গে তিনি দলভিত্তিক ভোটের আনুপাতিক হারে সংসদ নির্বাচনের পদ্ধতি প্রবর্তনেরও দাবি জানান।
গতকাল শনিবার সকালে গুলশানের একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এরশাদ এ দাবির পাশাপাশি নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন পদ্ধতি সংস্কারে প্রস্তাব উপস্থাপন করেন।
এরশাদ বলেন, সংবিধানে নির্বাচন কমিশন নিয়োগ-সংক্রান্ত আইন প্রণয়নের কথা বলা থাকলেও এ-সংক্রান্ত কোনো আইন নেই। বর্তমান সংসদেই এ আইন পাস করতে হবে। তাহলেই কেবল কমিশন নিয়োগ বিতর্কমুক্ত হতে পারে। এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন কমিশন গঠনের আটটি পদ্ধতি তুলে ধরেন।
নির্বাচন পদ্ধতির সংস্কার ছাড়া দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আশা করা যায় না বলে উল্লেখ করেন এরশাদ। সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ এই দূত বলেন, বর্তমান নির্বাচন পদ্ধতির কারণে অর্থ অথবা মাস্তানের দাপট জয়ী হয়। সৎ, যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীরা নির্বাচিত হয়ে আসতে পারছেন না। এর ফলে সংসদে ব্যবসায়ীদের সংখ্যা বেড়ে ৬০ থেকে ৬৫ শতাংশে পৌঁছে গেছে।
বর্তমান নির্বাচন পদ্ধতি পরিবর্তনের দাবি জানিয়ে এইচ এম এরশাদ বলেন, তাঁর প্রস্তাবিত পদ্ধতিতে ভোটাররা ৩০০ আসনে দলকে (দলীয় প্রতীকে) ভোট দেবেন, কোনো প্রার্থীকে নন। প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সব দল আসন পাবে। সব দল প্রার্থীর তালিকা করে নির্বাচন কমিশনে জমা দেবে। ব্যালট বাক্সে জমা পড়া ভোটের ৫০ শতাংশ পেলে, তারা ১৫০ আসন পাবে।