ইসি গঠন নিয়ে প্রস্তাব তৈরিতে আ.লীগের কমিটি
নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়নে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক যৌথসভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামকে। অন্য সদস্যরা হলেন উপদেষ্টা পরিষদের সদস্য শফিক আহমেদ, মহীউদ্দীন খান আলমগীর, রশিদুল আলম, মো. জমির ও আবদুল বাসেত মজুমদার; সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক ও আবদুল মান্নান খান; যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এবং আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু।
আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটি নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়ন করে সংগঠনের সভাপতি শেখ হাসিনার কাছে উপস্থাপন করবেন।
নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগকে ১১ জানুয়ারি বুধবার বিকেল চারটায় রাষ্ট্রপতি ডেকেছেন। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।