রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন চেয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। গতকাল বুধবার বিকেলে বঙ্গভবনে সাম্যবাদী দল নয়টি এবং ন্যাপ সাতটি প্রস্তাব দেয়।
দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনে তাঁরা নয় দফা প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে দিলীপ বড়ুয়া বলেন, দলের নয় দফা প্রস্তাবের মধ্যে ইসি পুনর্গঠনে আইন প্রণয়নের মাধ্যমে সাংবিধানিক কাউন্সিল গঠন, যুদ্ধাপরাধী ও তাদের সন্তানেরা যাতে কোনো নির্বাচনেই অংশ নিতে না পারে, তা নির্বাচনী আইনে সংযুক্তির বিষয়টি তুলে ধরা হয়।
সাম্যবাদী দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের বিষয়ে তাঁর প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাম্যবাদী দল বলেছে, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগ রাজনৈতিক ক্ষেত্রে একটি ফলপ্রসূ উদ্যোগ। তারা ইসি গঠনে সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের প্রস্তাব দেয়। ন্যাপের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির কার্যকরী সভাপতি সাংসদ আমিনা আহমেদ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। গত ১৮ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ পর্যন্ত ২২টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।