নির্বাচন কমিশন (ইসি) গঠনে গোটা প্রক্রিয়াটিকে একটি আইনগত কাঠামোর আওতায় নিয়ে আসতে উপযুক্ত আইন প্রণয়নের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় সিপিবি নির্বাচনকালীন সরকার এবং নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারের জন্য বেশ কিছু প্রস্তাব দিয়েছে। আলোচনায় সিপিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সিপিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিপিবি মনে করে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ওপর নির্ভরশীল না করে তুলে গোটা প্রক্রিয়াটিকে একটি আইনগত কাঠামোর আওতায় নিয়ে আসা উচিত। এ জন্য ‘সিলেক্ট কমিটি’ গঠনের পদ্ধতি নির্ধারণসহ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ১ নম্বর ধারার নির্দেশনা অনুযায়ী উপযুক্ত আইন প্রণয়ন করা উচিত।
নির্বাচনকালীন সরকারের বিষয়ে সিপিবির প্রস্তাব হলো: নির্বাচনকালীন সরকারের কর্তৃত্বকে সাংবিধানিকভাবে সংকুচিত করে তার কাজ তত্ত্বাবধায়কমূলক ও অত্যাবশ্যক রুটিন কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
সিপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি সিপিবির প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের ফলে নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন ইতিবাচক প্রস্তাব পাওয়া যাচ্ছে, যা শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন, প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
সিপিবির প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, মোহাম্মদ শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন ও আবদুল্লাহ আল ক্বাফী।