ইসি গঠনে সুনির্দিষ্ট আইন চায় জাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল বঙ্গভবনে সাক্ষাৎ করেন জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু l ছবি: পিআইডি
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল বঙ্গভবনে সাক্ষাৎ করেন জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু l ছবি: পিআইডি

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন করাসহ রাষ্ট্রপতির কাছে সাতটি প্রস্তাব দিয়েছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
গতকাল সোমবার বিকেলে জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করে এ প্রস্তাব দেয়। নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাসদের প্রস্তাবগুলো হলো সংবিধানের চার মূলনীতিতে আস্থাশীল ব্যক্তিদের নিয়ে ইসি গঠন, আইন প্রণয়ন, আইন প্রণয়নের আগে প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি ও হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি এবং বাংলাদেশের সাংবিধানিক পদে আছেন এমন ব্যক্তিদের সমন্বয়ে বাছাই কমিটি গঠন এবং ইসির মেয়াদ পূর্ণ হওয়ার ছয় মাস আগে আইনানুযায়ী কমিশন গঠনের কার্যক্রম শুরু করা।
তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাছাই কমিটি রাজনৈতিক দল ও নাগরিকদের প্রস্তাব বাছাই করে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারের বিপরীতে তিনজন করে নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো এবং তার আগে ওই তালিকা জনসমক্ষে প্রকাশ করার কথা বলা হয়। এরপর প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও ন্যূনতম একজন নারী নির্বাচন কমিশনারসহ চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে পাঁচ সদস্যবিশিষ্ট ইসি গঠন করবেন।
বাসস জানায়, বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, বৈঠককালে রাষ্ট্রপতি বলেন, জাসদের প্রস্তাব শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। বৈঠকে জাসদ নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে শিরীন আখতার বলেন, ২০১১ সালে ইসি গঠনের আগে তৎকালীন রাষ্ট্রপতির কাছে জাসদ সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রস্তাব করেছিল। কিন্তু তখনকার পরিস্থিতিতে তা করা সম্ভব হয়নি। তবে প্রজ্ঞাপনের মাধ্যমে একটি বাছাই কমিটি গঠন করা হয়েছিল।