ইসি গঠনের দায়িত্ব রাষ্ট্রপতির: রাজ্জাক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি যাদের নির্বাচন কমিশনে নিয়োগ দেবেন, তাদের আওয়ামী লীগ সাদরে গ্রহণ করবে। নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবে।
আজ মঙ্গলবার টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক।
ধনবাড়ীর সন্তান আবদুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং শামসুন্নাহার চাপা শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে।
আবদুর রাজ্জাক বলেন, শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে যারা আগুন সন্ত্রাসের মাধ্যমে শত শত মায়ের কোল খালি করে নির্বাচন ভন্ডুল করতে চেয়েছিল, তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে তারা দেশের শান্তি বিনষ্ট করতে চায়। দেশের শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে তাদের চক্রান্তের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ২০১৯ সালের আগামীর নির্বাচনে অপশক্তিদের পরাজিত করে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। শেখ হাসিনার নেতৃত্বেই ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে একযোগে কাজ করে যাব।
ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, রেমন আরেং, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমেদ ও ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ প্রমুখ।