নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ তরীকত ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। গতকাল মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় তরীকত ফেডারেশন কমিশন গঠনে আইন করার প্রস্তাব করেছে। এ ছাড়া বিজেপি আটটি বিভাগে আটজন নির্বাচন কমিশনার নিয়োগের প্রস্তাব করেছে।
তরীকত ফেডারেশন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের এবং বিজেপি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক।
রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় তরীকত ফেডারেশনের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী। সার্চ কমিটি, নির্বাচন কমিশন গঠন ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন নিয়ে ১৯ দফা প্রস্তাব দেয় দলটি।
তরীকত ফেডারেশনের মহাসচিব সাংসদ আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনে যাঁরা আসবেন তাঁদের মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হওয়া নিশ্চিত করার ব্যাপারে তাঁরা রাষ্ট্রপতিকে প্রস্তাব দিয়েছেন।
রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের বলেন, তাঁরা রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনে নয়জন সদস্য নিয়োগের প্রস্তাব দিয়েছেন। একজন প্রধান নির্বাচন কমিশনারসহ আটটি বিভাগের দায়িত্বে আটজন কমিশনারকে নিয়োগ দিলে জবাবদিহির জায়গাটি আরও স্পষ্ট হবে।