ইসি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব উচিত নয়: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন নয়, জনমতের প্রতিফলন। এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজের জন্য এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। গত মঙ্গলবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘নতুন ইসি গঠনে প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে।’ তাঁর এই মন্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের।
সৌদি সরকারের অর্থায়নে প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, আগামী মাসে সেতুর নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে এবং ২০২০ সালের মার্চে কাজ শেষ হবে। এই সেতু নারায়ণগঞ্জের বন্দর এবং সদর উপজেলাকে সংযুক্ত করবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের সিনোহাইড্রো করপোরেশনের লিও লিউশিন নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।