ইসি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে জাপার সংলাপ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে আজ মঙ্গলবার বঙ্গভবনে যাবে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন, কমিশন গঠনে আইন করা, নিজস্ব বাজেট ঘোষণার ক্ষমতাসম্পন্ন স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় গঠন ও নির্বাচন পদ্ধতির পরিবর্তন করার প্রস্তাব দিতে পারে। এ ছাড়া বাছাই কমিটি ও নির্বাচন কমিশনারের নামও প্রস্তাব করার চিন্তা আছে দলটির।

নির্বাচন কমিশন গঠন নিয়ে গত রোববার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথম দিন সংলাপে অংশ নেয় বিএনপি। দ্বিতীয় দল হিসেবে আজ বিকেল তিনটায় সংলাপে যাবে এইচ এম এরশাদের জাতীয় পার্টি। কাল বুধবার এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে সংলাপে ডাকা হয়েছে।

জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, তাঁরা মোট ১৮ জনের নামের তালিকা বঙ্গভবনে দিয়েছেন। এর মধ্যে ৮ জন সাংসদ ও ১০ জন দলের নেতা। তাঁরা আশা করছেন, ১৮ জন যাওয়ার অনুমতিই পাবেন। তিনি জানান, দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও থাকবেন বলে তাঁরা আশা করছেন।

জাপার সূত্র জানায়, জাতীয় পার্টি এর আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে যে প্রস্তাব দিয়েছিল, সেটি আরও কিছু সংযোজন-বিয়োজন করে লিখিত আকারে রাষ্ট্রপতির কাছে দেওয়া হবে।