ইসি নিয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বিএনপির চিঠি
স্বাধীন নির্বাচন কমিশন গঠনে দলীয় প্রধানের ১৩ দফা প্রস্তাব নিয়ে বিভিন্ন মহলের তোলা প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপির সব প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে, এমন কথা আমরা বলিনি। তবে এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই।’
গতকাল বুধবার বেলা দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
ফখরুল বলেন, চেয়ারপারসনের প্রস্তাবগুলো রাষ্ট্রপতিকে দেওয়ার জন্য বঙ্গভবনে টেলিফোন করে সাড়া না পাওয়ায় রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন। তিনি বলেন, ‘দেশনেত্রীর প্রস্তাবগুলো পেশ করার জন্য তাঁর একান্ত সচিব রোববার রাষ্ট্রপতির সামরিক সচিবের সঙ্গে টেলিফোনে কথা বলেন। বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাতের সময় চান। এখন পর্যন্ত সামরিক সচিব কিছু জানাননি।’ সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদসহ বিএনপির স্থায়ী কমিটির ছয়জন সদস্য উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার বিষয়ে মওদুদ আহমদ বলেন, ‘তিনি রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানের প্রতিনিধি। সে জন্য আমরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চাই।’
খালেদা জিয়া গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে নিরপেক্ষ ও শক্তিশালী নতুন নির্বাচন কমিশন গঠনে ১৩ দফা প্রস্তাব-সংবলিত একটি রূপরেখা দেন। এর দুই ঘণ্টার মাথায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির প্রস্তাবকে অন্তঃসারশূন্য দাবি করে তা প্রত্যাখ্যান করেন। ক্ষমতাসীন দলসহ বিভিন্ন মহল থেকে বলা হয়, বিএনপির প্রস্তাব সংবিধানের লঙ্ঘন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রস্তাবে সংবিধান কোথাও লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি না। এখানে অস্পষ্টতার বা কৌশলের কিছু নেই।’
নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিএনপি কোনো আইন করতে চায় না কেন?—বিভিন্ন মহলের এমন প্রশ্নের জবাবে ফখরুল বিনা ভোটে ১৫৪ জনের সাংসদ নির্বাচিত হওয়া এবং বাকি ১৪৬ জন সাংসদের শতকরা ৫ ভাগেরও কম ভোটে নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করেন।