ইসি নিয়োগে আইন প্রণয়নের উদ্যোগ ‘তামাশা’: খন্দকার মোশাররফ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য আইন প্রণয়নের উদ্যোগকে ‘আরেকটি তামাশা’ হিসেবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির এই নেতা বলেন, বর্তমানে যারা গায়ের জোরে সরকার, যারা জনগণের সরকার নয়, তারা সংসদে বসে তাদের ইচ্ছেমতো একটি আইন পাস করবে। তারপরে কী করবে, ওই আইন মোতাবেক সার্চ কমিটি করতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী যে লিস্টটা দেবেন, ওই সার্চ কমিটি সেই লিস্টটা রাষ্ট্রপতিকে দেবে। রাষ্ট্রপতি সেটি ঘোষণা করবেন। এটি আরেকটি তামাশা জনগণকে বিভ্রান্ত করার জন্য।
জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা আগেই বলেছি, এই অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের অধীনে আর কখনো নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না। বর্তমানে যে নাটকগুলো চলছে, এগুলো অর্থহীন। কেননা, এই সরকারের অধীনে কোনো নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। অতীতে দুটি নির্বাচন কমিশন প্রমাণ রেখে গেছে।’
সরকারকে আন্তর্জাতিকভাবে যে ওয়ার্নিং (সতর্কবার্তা) দেওয়া হচ্ছে, তা সরকার গায়ে নিচ্ছে না বলে উল্লেখ করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, আজকে আবার আন্তর্জাতিকভাবে যে স্যাংশন আসছে, শুধু স্যাংশন (নিষেধাজ্ঞা) নয়—এর ধারাবাহিকতায় ১২টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেসরকারি মানবাধিকার সংগঠন জাতিসংঘে চিঠি দিয়ে বলেছে, বাংলাদেশে র্যাবকে যাতে শান্তি মিশনে আর না নেওয়া হয় বা যাঁরা আছেন, তাঁদের বের করে দেওয়া হয়। পত্রিকায় এসেছে, জাতিসংঘ সেটি আমলে নিয়েছে, অর্থাৎ এটিকে গ্রহণ করেছে। তারা বলেছে, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবে। অর্থাৎ কীভাবে এই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে চারদিক থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এটিও ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে আজকে সরকার ভালো করে বুঝতে পারছে না।
জনগণের সামনে একটাই টার্গেট ও একটাই মাত্র সমাধান উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, স্বৈরাচারী সরকারকে হটাতে হবে। কোনো স্বৈরাচারী সরকার কখনো নিজের ইচ্ছায় সরে যায় না। হয় তাকে গণ-আন্দোলন অথবা এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যে তারা পদত্যাগ করতে বাধ্য হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিমের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মাহবুব আলম।