ইসি নীলনকশার নির্বাচনের দিকে এগোচ্ছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ l ছবি: ফোকাস বাংলা
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ l ছবি: ফোকাস বাংলা

পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় নির্বাচন কমিশন (ইসি) নীলনকশার নির্বাচনের দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। তারা বলেছে, সরকারদলীয় প্রার্থীদের জয়ী করতে এ নীলনকশা করা হচ্ছে।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আগামীকালই (আজ) এর সত্যতা দেখব। তবে এটা মিথ্যা হলেই খুশি হব। সিটি নির্বাচনে ওই রকম নীলনকশা বাস্তবায়ন করা হলে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে আমাদের অংশ নেওয়া সম্ভব হবে না।’
মওদুদ আহমদ প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরকার দল-সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগ করেন। তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দূরে থাক, আমরা বিরাট প্রতিবন্ধকতা নিয়ে নির্বাচন করতে যাচ্ছি। দক্ষিণের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাস এখনো ভোটারদের কাছে যেতে পারেননি।’ তিনি বলেন, ‘গত ২০ দিনে বিএনপির ৬৯ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে পাঁচজন কাউন্সিলর পদপ্রার্থীও আছেন। এখন পুলিশ আমাদের এজেন্টদের বাড়ি বাড়ি যাচ্ছে, তাঁরা যেন ভোটকেন্দ্রে না যান।’
মওদুদ আহমদ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর চারবার হামলা হলো। তাঁর জীবননাশের চেষ্টার ন্যক্কারজনক ঘটনা ঘটে গেল। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে মর্মাহত হওয়া ছাড়া অন্য কথা মনে আসে না। তিনি বলেন, সরকারের চাপে নির্বাচন কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এতে আবারও প্রমাণিত হয়েছে, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। তাবিথ আউয়াল এ পর্যন্ত কমিশনে ১০টি অভিযোগ করেছেন। কিন্তু কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।
নির্বাচন পর্যবেক্ষক নিয়ে উদ্বেগ: মওদুদ আহমদ জানান, নির্বাচন কমিশন ঢাকা দক্ষিণ সিটিতে ১ হাজার ৪৪৫ জন এবং উত্তরে ১ হাজার ৩৩০ জনকে নির্বাচন পর্যবেক্ষক কার্ড দিয়েছে। এর মধ্যে মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা নামের একটি ‘ভুয়া’ সংগঠনকে এক হাজার পর্যবেক্ষক কার্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, এঁরা পর্যবেক্ষক, না দলীয় লোক? হয়তো তাঁদের জন্য কেন্দ্রে গিয়ে সিল দেওয়ারও ব্যবস্থা আছে।
মওদুদ আহমদ দাবি করেন, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স (ফেমা), ডেমক্রেসিওয়াচ, অধিকার-এর মতো প্রসিদ্ধ সংগঠনগুলোকে সব মিলিয়ে এক শর মতো পর্যবেক্ষক কার্ড দেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, ‘সরকার যদি পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় মানুষকে কেন্দ্রে যেতে না দেয়, এজেন্টদের বের করে দেয়, তাহলে আমরা যে আন্দোলন করছি, তা আরও জোরদার করব। এর দায় সরকারকে বহন করতে হবে।’
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণে দল-সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী আ স ম হান্নান শাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।