ইসি সরকারের আদরের দুলাল: বিএনপি
নির্বাচন কমিশন (ইসি) এই সরকারের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান মন্তব্য করে বিএনপির নেতারা বলেছেন, কমিশন সরকারের আদরের দুলালের মতো ভূমিকা পালন করছে। যে কারণে নির্বাচনী এলাকায় সরকারের ‘স্নেহমাখা’ সন্ত্রাসীদের তাণ্ডব এবং ক্রমবর্ধমান সন্ত্রাস নিয়ন্ত্রণ করার সাহস পাচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নীলফামারীর সৈয়দপুরে এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করে কথাগুলো বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দপুরে দলীয় মেয়র পদপ্রার্থী আমজাদ হোসেন সরকারের পক্ষে নেতা-কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা পৌর নির্বাচনে শেষ পর্যন্ত থাকতে চাই। দেখি, সরকার কী নীলনকশা করছে।
তবে ভয় নেই, জনগণ ঐক্যবদ্ধভাবে সমুচিত জবাব দিতে প্রস্তুত হচ্ছে। কোনো ষড়যন্ত্র করে কেউ পার পাবে না।’
পরে মির্জা ফখরুল সৈয়দপুর ছাড়াও নীলফামারীর জলঢাকা ও পঞ্চগড়ে দলের প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন।