ইসি সরকারের থাবায় আটকে আছে: মঈন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, নির্বাচন কমিশন সরকারের থাবায় আটকে আছে। যতই চেষ্টা করুক তারা সরকারের সাঁড়াশি বেষ্টনী থেকে বের হতে পারবে না। আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেন। এ সময় তারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অনিয়ম, দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া ও ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন অভিযোগ করেন।

মঈন খান সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে আংশিক দলীয় করে দ্বন্দ্ব সংঘাতের রাজনীতি গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এর পেছনে যে সরকারের অসৎ উদ্দেশ্য আছে তা এখন জনগণের কাছে স্পষ্ট।

পৌরসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে মঈন খান বলেন, পৌর নির্বাচনে আমরা সরকারের আশ্বাসের প্রতিফলন পাইনি। ইউপিতেও সেই আশঙ্কা করছি। কমিশনকে আশঙ্কার কথা জানিয়েছি। মাঠ দখল যদি গণতন্ত্রের রীতি হয়ে থাকে, তাহলে এই নির্বাচনেও একই ফল আসবে। দেখা যাবে ৭৩৮টি ইউপির মধ্যে ৭০০ এর মতো সরকারি দলের দখলে চলে গেছে। মানুষকে দেখানোর জন্য ৩০-৪০টি বিএনপিকে দেওয়া হবে।

নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এমন অভিযোগ তুলে সাবেক মন্ত্রী মঈন খান বলেন, এখন নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে কে কোথায় মাঠ দখল করতে পারে। সরকার সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাঠ দখল করছে। অবশ্য সরকারি কর্মকর্তাদের করণীয়ও থাকে না। কারণ সরকার যখন একজন কর্মকর্তাকে ধমক দিয়ে দেয় যে আমার প্রার্থী পাস না করলে তোমার চাকরি থাকবে না, তখন তারা নিরুপায় হয়ে যায়। বাধ্য হয়ে জালিয়াতি করে সরকারি প্রার্থীদের জয়ী ঘোষণা করেন। যারা গায়ের জোরে মাঠ দখল করতে পারে তারাই নির্বাচিত হয়।

মঈন খান বলেন, নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিয়েছে। বলেছে, তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করছে। এটা আমরা ‍অতীতেও শুনেছি। কিন্তু নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক না কেন তারা সরকারের সাঁড়াশি বেষ্টনী থেকে বের হতে পারবে না। তাদের কোনো উপায় নেই।