ইসিকে আ.লীগের দপ্তর বানিয়েছে সরকার: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বর্তমান সরকার মানুষের বাক্স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বিরোধী দলের অধিকার, নির্বাচন করার অধিকার—সবই হরণ করেছে। তারা নির্বাচন কমিশনকে (ইসি) আওয়ামী লীগের একটি দপ্তর হিসেবে ব্যবহার করছে। ক্ষমতাসীন দল যা বলছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেটাই করছেন।
পাবনা শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে আজ রোববার সকালে জেলা ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না করার ঘোষণা দিয়ে সিইসি প্রমাণ করেছেন যে ক্ষমতাসীন দল যেভাবে চায়, সেভাবে তাঁরা নির্বাচন পরিচালনা করবেন।
জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, প্রহসন আর জাল ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রতিনিধিদের নিয়ে সরকার আবারও একটি সাজানো নাটকের মধ্য দিয়ে জেলা পরিষদ দখলে নেওয়ার পাঁয়তারা করছে। এই নির্বাচন সাংবিধানিক নয় বলে বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না।
সকালে জাতীয় সংগীতের সঙ্গে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান। জেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াছ আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সম্পাদক মামুন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য জহুরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ। কর্মশালায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।