
একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে (ইসি) রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন প্রধান দুই দলের মধ্যে সমঝোতা।
গতকাল বুধবার ইসির সংলাপে অংশ নিয়ে গণমাধ্যমের প্রতিনিধিরা এই মত দেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন, ‘না’ ভোট প্রবর্তনসহ কয়েকটি বিষয়ে পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন তাঁরা।
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গতকাল বিভিন্ন পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করে ইসি। সংলাপে অংশ নেন ২৬ জন। আজ বৃহস্পতিবার টেলিভিশন, রেডিও ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে ইসি।
গতকালের সংলাপে অংশ নেওয়া একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনের আগে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ইসিকে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন, আইনের যথাযথ কঠোর প্রয়োগ, ভোটের আগে ও পরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনে ধর্মের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করার সুপারিশ করেন তাঁরা।
এ ছাড়া প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ রাখা, নিরপেক্ষ কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া, প্রার্থী হতে সরকারি চাকরি থেকে অবসরের পর তিন বছরের সময়সীমা না কমিয়ে বাড়ানো, প্রার্থীর হলফনামা উন্মুক্ত রাখা, হলফনামায় ভুল তথ্য দিলে ব্যবস্থা নেওয়া, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা রাখা, অনলাইনে অপপ্রচার নিয়ন্ত্রণ, গণমাধ্যমের সঙ্গে ইসির সম্পৃক্ততা বাড়ানোসহ বিভিন্ন পরামর্শ দেন গণমাধ্যমের এসব প্রতিনিধি।
সংলাপে অংশ নেওয়া একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের দৃষ্টিতে ইসির মূল চ্যালেঞ্জ সব রাজনৈতিক দলের আস্থা অর্জন করাম নির্বাচনকে অংশগ্রহণমূলক করা। এ জন্য ইসির যা যা করা প্রয়োজন, তা করতে হবে। ইসিকে এক পক্ষের ভয় জয় করতে হবে আর অন্য পক্ষের খবরদারি ঠেকাতে হবে।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
সংলাপ শেষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল সাংবাদিকদের বলেন, রাজনীতিতে নির্বাচন হচ্ছে একটি উৎসব। এই বিষয়ে বেশির ভাগ ব্যক্তিই সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেছেন। ইসিকে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে, যাতে সবাই নির্বাচনে আসে।
সংলাপ শেষে বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম সাংবাদিকদের বলেন, ‘ভারতের নির্বাচন কমিশনের তুলনায় আমাদের নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে কম শক্তিশালী নয়। কমিশনকে দেখানোর জন্য মেরুদণ্ড সোজা করার দরকার নেই। প্রকৃত দায়িত্ব পালন করে, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে নিরপেক্ষ ভোটের আয়োজন করতে হবে।’
সংলাপে অংশ নেওয়া একাধিক সূত্র জানায়, সাংবাদিকেরা ইসির দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন বক্তব্য দেন। ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নুরুল কবির বলেন, ইসির প্রধান চ্যালেঞ্জ হলো আস্থা অর্জন করা। ইসির ক্ষমতার বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। ইসি অনেক সময় নিজেদের যথেষ্ট শক্তিশালী মনে করে না, এ চিন্তা বাদ দিতে হবে। জ্যেষ্ঠ সাংবাদিক আমানউল্লাহ কবির বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করা ইসির প্রধান চ্যালেঞ্জ। তাদের সাহসিকতার সঙ্গে সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে, যাতে ২০১৪ সালের নির্বাচনের পুনরাবৃত্তি না হয়।
মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, মাগুরা নির্বাচন বাতিল হলে ইতিহাস অন্য রকম হতো। রেফারি ছাড়া ভালো খেলা হয় না। প্রয়োজনে ইসিকে লাল কার্ড দেখাতে হবে।
সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন করতে হবে। আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সমঝোতা হতে হবে। কলাম লেখক কাজী সিরাজ মত দেন, রাজনৈতিক সমঝোতার মধ্যস্থতা করতে পারে ইসি।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, সব দলকে নির্বাচনে আনার পরিবেশ তৈরি করতে হবে। প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, নির্বাচনের সময় একধরনের দ্বৈত শাসন থাকবে। সেখানে ইসিকে তার কর্তৃত্ব নিশ্চিত করতে হবে। সাপ্তাহিক-এর সম্পাদক গোলাম মুর্তাজা বলেন, মানুষ ভোট দিতে পারবে কি না, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। প্রথম শর্ত নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক।
ইসির ওপর বিএনপির আস্থা না থাকার কথা উল্লেখ করে এ বিষয়ে করণীয় ঠিক করার পরামর্শ দেন ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত। বিএনপিকে আগামী নির্বাচনে আনতে যা যা করা দরকার, ইসিকে সব করার পরামর্শ দেন আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, যুদ্ধাপরাধীদের কেউ যাতে নির্বাচন করতে না পারে, জামায়াত যাতে অন্য কোনো নামে নিবন্ধন না পায়, সেটা দেখতে হবে।
সংলাপ শেষে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এক সংবাদ সম্মেলনে বলেন, আমন্ত্রিত অতিথিরা বলেছেন, তাঁরা সবার অংশগ্রহণমূলক একাদশ নির্বাচন প্রত্যাশা করেন। আইনের যাতে সঠিক প্রয়োগ করা হয়, সেটা নিশ্চিত করার জন্য ইসিকে পরামর্শ দিয়েছেন। সেনাবাহিনী মোতায়েনের পক্ষে-বিপক্ষে মতামত এসেছে। ‘না’ ভোটের পক্ষে-বিপক্ষে মতামত এসেছে।
সেনাবাহিনী মোতায়েন
সংলাপে অংশ নেওয়া একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে তিন ধরনের মত আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংলাপে অংশ নিয়ে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, কলাম লেখক বিভুরঞ্জন সরকারসহ কয়েকজন সেনা মোতায়েনের বিরোধিতা করেন। সাংবাদিক মাহফুজ উল্লাহসহ কয়েকজন সেনা মোতায়েনের পক্ষে মত দেন। মতিউর রহমান চৌধুরী, নুরুল কবির, আনিসুল হকসহ কয়েকজন মত দেন, ইসি প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মোতায়েন করতে পারে।
সেনা মোতায়েনের বিরোধিতা করে মুহাম্মদ শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, সেনা মোতায়েন হতে পারে একমাত্র জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে। প্রচলিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট। ২০০১ সালের নির্বাচনে সেনাবাহিনী ছিল। তা সত্ত্বেও সেখানে নির্বাচনের পরপরই জামায়াত-শিবির ও বিএনপি সংখ্যালঘুদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল।
মাহফুজ উল্লাহ সাংবাদিকদের বলেন, সংলাপে অংশগ্রহণকারী দু-একজন ছাড়া সবাই সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছেন। এ ক্ষেত্রে কেউ কেউ সরাসরি এবং কেউ কেউ প্রয়োজনে সেনা মোতায়েনের কথা বলেন।
প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় পুলিশ, আর্মড পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও কোস্টগার্ডকে উল্লেখ করা হয়েছে। এতে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর কথা নেই। আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সালে আরপিও সংশোধনীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দেওয়া হয়। বর্তমান আইন অনুযায়ী, সশস্ত্র বাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’, তারা ক্যাম্পে অবস্থান করবে, প্রয়োজনে তাদের ডাকা যাবে।
আলোচনায় অন্যদের মধ্যে সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, যুগান্তর-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, কালের কণ্ঠ-এর নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ইত্তেফাক-এর ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, সাংবাদিক আনিস আলমগীর, বিএফইউজের দুই অংশের মহাসচিব ওমর ফারুক ও এম আবদুল্লাহ প্রমুখ সংলাপে অংশ নেন।