ইসিকে ছোট করা হলে জাতিকে ছোট করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। ছবি: প্রথম আলো
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, 'নির্বাচন কমিশনকে ছোট করলে, হেয় করলে আমরা ছোট হই, জাতি ছোট হয়।'

আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এইচ টি ইমাম বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচন পদ্ধতিকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগ চেষ্টা করে যাচ্ছে। দলের সদস্যরা যাতে আচরণবিধি লঙ্ঘন না করে সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু এরপরও নির্বাচন কমিশনকে ছোট করা হয়। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যা বলেছেন তা সঠিক নয়।

ভারতের পশ্চিমবঙ্গের উদাহরণ টেনে বলেন, সেখানে ১৪ জন মারা যায়। কিন্তু এখানে কোনো সহিংসতা হয়নি। স্থানীয় নির্বাচন নিয়ে কয়েকটি দলও ইসিকে আক্রমণ করেছে। তিনি বিদেশি বন্ধু ও গণমাধ্যমকে এসব ব্যাপারে গবেষণা করার অনুরোধ জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করছেন।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীর পথসভায় বোমা বিস্ফোরণ নিয়ে এই উপদেষ্টা বলেন, ‘নিজেরা করে অন্যের ঘাড়ে চাপাতে গিয়ে হাটে হাঁড়ি ভেঙে গেল।’

গাজীপুর ও খুলনার নবনির্বাচিত মেয়ররা তিন সিটির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন শপথ নেননি। অন্যজন শপথ নিলেও এখনো মেয়র হিসেবে কার্যভার গ্রহণ করেননি। তাই আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে না।

আজকের বৈঠক প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, নির্বাচন কমিশনকে নিয়ে যে নানারকম প্রচার সে ক্ষেত্রে তাঁরা কীভাবে সাহায্য করতে পারেন সেসব নিয়ে আলোচনা হয়েছে। তাঁরা চান নির্বাচন কমিশনের ভাবমূর্তি সমুন্নত থাকুক এবং আরও বড় হোক। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আজ এইচ টি ইমামের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ প্রমুখ।