ইসিকে নির্বাচনকালীন তদারকি সরকারের দায়িত্ব পালনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনকে (ইসি) নির্বাচনকালীন তদারকি সরকারের ভূমিকা পালনের প্রস্তাব করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সাবেক বিচারপতি ও বিশিষ্টজনদের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল বুধবার ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে দল দুটি এসব প্রস্তাব তুলে ধরে। গতকাল সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আর বিকেলে জাগপা সংলাপে অংশ নেয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত নির্বাচনকালীন তদারকি সরকারের ভূমিকা পালন করবে ইসি। নির্বাচিত সরকারের কাছে তদারকি সরকারের জবাবদিহির বিধান থাকবে। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ‘না’ ভোট প্রবর্তন, ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে রিটার্নিং কর্মকর্তা করাসহ ২৩ দফা প্রস্তাব দেয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ।

বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল জাগপা ১৪টি প্রস্তাব দেয়। এর মধ্যে আছে জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন, ইভিএম বাতিল, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা ইত্যাদি।