ইসিকে সক্ষমতা প্রমাণ করতে হবে: আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মেয়র পদে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও সাখাওয়াত হোসেন খান। গতকাল তাঁদের দুজনের সাক্ষাৎকার নিয়েছেন তানভীর সোহেল, আসাদুজ্জামান ও আসিফ হোসেন

প্রথম আলো: শেষ মুহূর্তে ভোটারদের কাছ থেকে আপনার প্রত্যাশা কী?

সেলিনা হায়াৎ আইভী: নারায়ণগঞ্জের জনগণের প্রতি, মানুষের প্রতি আমার আহ্বান, আমি বিগত পাঁচ বছর সিটি করপোরেশনের মেয়র হিসেবে চেষ্টা করেছি দলমতের ঊর্ধ্বে উঠে জনসেবা করার জন্য। যেহেতু আমি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করেছি, তাই আমার আহ্বান, আগামী পাঁচ বছরের জন্য তাঁরা যেন আমাকে তাঁদের সেবা করার সুযোগটা দেন।

সেলিনা হায়াৎ আইভী
সেলিনা হায়াৎ আইভী

প্রথম  আলো: আপনাকে জনগণ কেন ভোট দেবেন?
আইভী: আমি কাজ করেছি নিঃস্বার্থভাবে এবং সবকিছুর ঊর্ধ্বে উঠে। আমি দলের হয়েও দলের ঊর্ধ্বে উঠে কাজ করার চেষ্টা করেছি। কখনো কোনো মানুষকে জিজ্ঞাসা করিনি কে কোন দল করে। দল-মত-বর্ণ-ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের সাথে মিশেছি। মানুষের সঙ্গে কাজ করেছি। জনগণের মাঝে একাকার হওয়ার চেষ্টা করেছি। আমি মনে করি, এই কারণে মানুষ আমাকে ভোট দেবেন।
প্রথম  আলো: নির্বাচন কমিশনের ভূমিকায় আপনি কতটা সন্তুষ্ট?
আইভী: এখন পর্যন্ত আমার কাছে কেউ কোনো কমপ্লেন নিয়ে আসেনি। আমি প্রথম থেকে দাবি করে আসছিলাম, একদম নিরপেক্ষ নির্বাচন যেন হয়। সুষ্ঠু নির্বাচন যেন হয়। ভোটের পরিবেশটা যদি উৎসবমুখর থাকে, তাহলে অবশ্যই ভোটাররা ভোট দিতে আসবেন। আমি এখনো মনে করছি, নারায়ণগঞ্জের সেই পরিবেশটা বজায় রয়েছে অনেক ক্ষেত্রে। আশা করি, আগামীকাল পর্যন্ত যদি এই পরিবেশটা বজায় থাকে, ভোটকেন্দ্রে যদি কোনো সমস্যা না হয়, কেউ যদি উচ্ছৃঙ্খলতার আশ্রয় না নিতে পারে, তাহলে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটটা সম্পন্ন হবে।
প্রথম আলো: ভোটের দিন নির্বাচন কমিশনের কাছে কেমন ভূমিকা চান?

আইভী: আমার চাওয়া না-চাওয়ার ওপর কোনো কিছু নির্ভর করে না। নির্বাচন কমিশনকে সক্ষমতা প্রমাণ করতে হবে। তাদের প্রমাণ করতে হবে যে তারা একদম নিরপেক্ষভাবে মানুষের মনে আস্থা ও বিশ্বাস নিয়ে নির্বাচনটা করেছেন।