ইসিতে জাসদের দুই কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐক্যের কথা বলা হলেও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বিভক্তি চূড়ান্ত হচ্ছে। কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে গঠিত ওই দলটির দুটি কমিটি জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কাউন্সিলে নির্বাচিত কমিটির নাম ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। গতকাল বুধবার হাসানুল হক ইনু ও শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন দুটি কমিটিই তাদের তালিকা ইসিতে পাঠায়। দুই পক্ষই প্রথম আলোর কাছে এর সত্যতা স্বীকার করেছে।
সাংসদ শিরিন আখতারকে সাধারণ সম্পাদক করার বিরোধিতা করে ১২ মার্চ কাউন্সিলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ থেকে বেরিয়ে আলাদা কমিটি ঘোষণা করে দলটির একটি অংশ। শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি ও সাংসদ নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করা হয় এই কমিটিতে।
আজ জাসদের দুই অংশের পৃথক কর্মসূচি রয়েছে। শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবে জাতীয় সংসদ ভবনে কমিটির কার্যকরী সভাপতি সাংসদ মঈন উদ্দীন খান বাদলের কক্ষে।
আর হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ বিকেল চারটায় স্বাধীনতা দিবসের শোভাযাত্রার আয়োজন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে।