ইসিতে নারী কমিশনার চান কাদের সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের নির্বাচন কমিশন গঠনে ‘অবশ্যই’ একজন নারী সদস্যের অন্তর্ভুক্তি চেয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে নয় দফা দাবি পেশ করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। একই সঙ্গে বছরে অন্তত একবার রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা করার আহ্বান জানায় দলটি।

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে আজ বুধবার সন্ধ্যায় মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় দলটির ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে নয়টি প্রস্তাব দিয়েছি। তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করে সন্তুষ্ট হয়েছি। আমার বিশ্বাস, রাষ্ট্রপতি মেরুদণ্ড আছে, এমন নির্বাচন কমিশন গঠন করবেন। তাহলে বর্তমানে যে অনাস্থার পরিবেশ, তা আপনা-আপনিই কেটে যাবে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে আমাদের দলীয় প্রতীক গামছা উপহার দিয়েছি। আমাদের বিদায় দেওয়া পর্যন্ত তিনি সেটা গলায় পরে ছিলেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’

এর আগে রাষ্ট্রপতিকে দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের প্রস্তাবগুলো পড়ে শোনান দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী। লিখিত বক্তব্যে রাষ্ট্রপতির উদ্দেশে তিনি বলেন, ‘বিশ্বাসযোগ্য একটি ভালো নির্বাচন কমিশন জাতিকে উপহার দেওয়া আপনার মতো একজন দারুণ সফল, পোড় খাওয়া রাজনীতিবিদের জন্য তেমন কঠিন কাজ নয়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম, আবদুর রশিদ, আবদুল হালিম সরকার, আবুল হোসেন মল্লিক প্রমুখ।