ইসির অসহায়ত্বে বিএনপি সহানুভূতিশীল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের (ইসি) অসহায়ত্বে বিএনপি সহানুভূতিশীল। তবে ইসির অসহায় হওয়া উচিত নয়। কারণ, তারা সাংবিধানিক প্রতিষ্ঠান। ভোটের যে হাল–অবস্থা, তাতে ইসির কাছে অভিযোগ দিয়েই বা লাভ কী?
আজ শনিবার পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করতে যান নজরুল ইসলাম খান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুজা উদ্দিন। সেখানে তাঁরা বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত ছিলেন।
বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা জানতাম এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তবু আমরা নির্বাচনে এসেছি গণতন্ত্রের স্বার্থে। এসে দেখলাম দেশজুড়ে ভোট জালিয়াতি ও ডাকাতি। ইসি জেনেশুনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা জেগে ঘুমিয়ে আছে। প্রশাসন ও নির্বাচন কমিশন সরকারি দলকে সহযোগিতা করছে। ইসির অসহায়ত্বে বিএনপি সহানুভূতিশীল। তবে ইসির অসহায় হওয়া উচিত নয়। কারণ, তারা সাংবিধানিক প্রতিষ্ঠান। ভোটের যে হাল–অবস্থা, তাতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েই বা লাভ কী। পরিস্থিতির তো কোনো উন্নতি হচ্ছে না। আজও ছয়জন মারা গেছেন। যারা নির্বাচন জালিয়াতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে না।’