ইসির আনুকূল্য পেয়েছে বিএনপি: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুরপাড়ে নিজ বাসায় আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত।
চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুরপাড়ে নিজ বাসায় আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত।

মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) আনুকূল্য পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুরপাড়ে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নানা ইস্যুতে মিথ্যাচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টানা সংবাদ সম্মেলন করে প্রতিদিন মিথ্যাচার করেছেন। তাঁর মিথ্যাচারের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা, সরকারের ভূমিকাকে বিতর্কিত করা, নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য ইসিকে ধন্যবাদ জানিয়েছেন, অন্যদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ইসি সরকারের ফরমাশ বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন। মহাসচিব ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দুই রকমের বক্তব্যের মাধ্যমে তাঁদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, এযাবৎকালের কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল ৩০০ আসনে ৮০০ প্রার্থী মনোনয়ন দেয়নি। বিএনপি নজিরবিহীনভাবে ৮০০ প্রার্থী মনোনয়ন দিয়েছে। নির্বাচন কমিশনে তাদের অনেকের প্রার্থিতা বাতিল হওয়া সত্ত্বেও তাদের ৫৫৬ জনের প্রার্থিতা টিকেছে। ইসিতে আপিলে গতকাল শুক্রবার পর্যন্ত বিএনপির প্রায় ১০০ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। বিএনপির কয়েকজন প্রার্থী হলফনামায় স্বাক্ষরই করেননি। এরপরও তাঁরা প্রার্থিতা ফেরত পেয়েছেন। এ জন্য মির্জা ফখরুল ইসিকে ধন্যবাদ জানিয়েছেন। স্বাক্ষর না থাকা সত্ত্বেও গোলাম মাওলা রণিকে প্রার্থিতা ফেরত দেওয়া হয়েছে। এটা নজিরবিহীন।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবেই কাজ করছে, ক্ষেত্রবিশেষে নির্বাচন কমিশনের আনুকূল্য পাচ্ছে বিএনপি। আজও আপিল শুনানি চলছে। আজও অনেকে প্রার্থিতা ফেরত পাবেন। এর ফলে বর্তমানে তাদের প্রার্থী সংখ্যা সাড়ে ছয় শ ছাড়িয়ে গেছে। এখন অনেকেই বলছেন, বিএনপির নয়াপল্টন অফিস ও গুলশানের বেগম জিয়ার কার্যালয়ে এখন মনোনয়ন–বাণিজ্যের হাট বসেছে।

সাবেক এই মন্ত্রী বলেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বৈঠকের খবর বেরিয়েছে কয়েকটি সংবাদমাধ্যমে। টাইমস অব আসামের বরাত দিয়ে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমও খবরটি পরিবেশন করেছে। লন্ডনে তারেক রহমান নিয়মিতভাবে পাকিস্তানের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে নিয়মিত বৈঠক করেন।

সম্প্রতি যে বৈঠক করেছেন, তাতে জামায়াত নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাকও উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যমে বেরিয়েছে, বৈঠকের মূল বিষয় ছিল বাংলাদেশে কীভাবে জামায়াত–নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা করা যায়। তারেক রহমান শুধু যে আইএসআইয়ের সঙ্গে বৈঠক করছেন তা নয়, তিনি এর আগে দাউদ ইব্রাহিমের সঙ্গেও বৈঠক করেছেন। সেই খবরও সংবাদমাধ্যমে বেরিয়েছে। বিদেশে বসে তাঁরা ষড়যন্ত্র করছেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার তাঁদের একটা উদ্দেশ্য আছে। তা ছাড়া নির্বাচনের মাধ্যমে যাতে জামায়াত–নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা করা যায়, সেই লক্ষ্য নিয়ে তারেক রহমান কাজ করছেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে কেন্দ্র পাহারা দিতে হবে। কেন্দ্র পাহারা দেওয়ার ঘোষণার মাধ্যমে তাদের কেন্দ্র দখল করার দুরভিসন্ধি প্রকাশ পেয়েছে । বিএনপিকে মিথ্যাচার না করে নির্বাচনে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।