ইসির পদক্ষেপে সন্তুষ্ট: সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মেয়র পদে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও সাখাওয়াত হোসেন খান। গতকাল তাঁদের দুজনের সাক্ষাৎকার নিয়েছেন তানভীর সোহেল, আসাদুজ্জামান ও আসিফ হোসেন

প্রথম আলো: নির্বাচনের শেষ মুহূর্তে কী ভাবছেন?

সাখাওয়াত হোসেন খান: নারায়ণগঞ্জের ভোটাররা আজ সকালে ভোটকেন্দ্রে যাবেন। তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। নারায়ণগঞ্জের সর্বোচ্চ সংখ্যক ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত করাই আমাদের মূল চ্যালেঞ্জ। ভোটার যত বাড়বে ধানের শীষের ভোট তত বেশি হবে।

সাখাওয়াত হোসেন খান
সাখাওয়াত হোসেন খান

প্রথম আলো: নির্বাচন নিয়ে আপনার কোনো শঙ্কা আছে?
সাখাওয়াত: নির্বাচন নিয়ে আমার আশঙ্কা রয়েছে। ভোটারদের মাঝেও আশঙ্কা রয়েছে। সরকারি দলের পক্ষ থেকে সে ধরনের চেষ্টা করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তারা যেকোনো সময় যেকোনো ধরনের নাশকতা ঘটাতে পারে। তারা ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই—এ ধরনের ঘটনা ঘটাতে পারে। আমি মনে করি, প্রশাসন এই বিষয়টা খেয়াল রাখবে। আমাদের পক্ষ থেকে এই নির্বাচনের নিরপেক্ষতা বিঘ্ন হয় এমন কিছু করা হবে না। আশা করি, সরকারি দলের প্রার্থীরাও বিষয়টি নিশ্চিত করবেন।
প্রথম আলো: মানুষ আপনাকে কেন ভোট দেবে?
সাখাওয়াত: আমাকে তিন কারণে জনগণ ভোট দেবে। একটা কারণ হলো, আজকের এই নির্বাচনটা হচ্ছে জাতীয় প্রতীকে। বিএনপির প্রতীক ধানের শীষ। আইভীর প্রতীক নৌকা। অতীতে যখনই নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সব ক্ষেত্রে বিএনপি বিজয়ী হয়েছে। আমার ব্যক্তি ইমেজের জন্য মানুষ আমাকে ভোট দেবে। দুই. আমার বিরুদ্ধে জুলুম, অত্যাচারের কোনো অভিযোগ নেই। আমি সব সময় জনগণের আপদে-বিপদে পাশে থেকেছি। বিশেষ করে সাত খুন নিয়ে আমি আন্দোলন-সংগ্রাম করেছি। সব রক্তচক্ষু উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে কাজ করেছি। এ জন্য আমি মনে করি, নারায়ণগঞ্জের মানুষ আমাকে ভোট দেবে। মানুষ আমাকে নারায়ণগঞ্জের নির্ভরতার প্রতীক হিসেবে মনে করে। এ কারণে ভোট পাব। তিন. আইভী নারায়ণগঞ্জে ১৩ বছর মেয়র হিসেবে শাসন করেছেন। অনেক প্রতিশ্রুতি রাখতে পারেননি।

প্রথম আলো: নির্বাচন কমিশনের ভূমিকায় আপনি কি সন্তুষ্ট?

সাখাওয়াত: নির্বাচনের আগের দিন পর্যন্ত নির্বাচন কমিশনের পদক্ষেপে আমি মোটামুটি সন্তুষ্ট। তবে মূল সময়টা ভোটের দিন। আমি মনে করি, নির্বাচনের যে পরিবেশটা আছে, সেটা যদি ফলাফল ঘোষণা পর্যন্ত থাকে, তাহলে নারায়ণগঞ্জের মানুষ খুশি হবে।