ইসির রোডম্যাপ নিয়ে বিএনপিতে কৌতূহল, আছে শঙ্কাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত রোডম্যাপ বা পথনকশা নিয়ে বিএনপিতে কৌতূহল আছে। পাশাপাশি শঙ্কাও আছে।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলেছেন, মঙ্গলবার রোডম্যাপ ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আগাম সংসদ নির্বাচনেরও প্রস্তুতি আছে তাঁদের। এ নিয়ে বিএনপির নেতাদের মধ্যে কৌতূহল জেগেছে। তাঁরা বিষয়টি বোঝার চেষ্টা করছেন। আর শঙ্কা হচ্ছে, কমিশনের রোডম্যাপের কারণে বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি হারিয়ে যায় কি না, তা নিয়ে। এ ছাড়া রোডম্যাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার বিষয়টি না থাকায় কিছুটা স্বস্তি আছে বিএনপিতে। কিন্তু সরকারি দল যেভাবে ইভিএমের পক্ষে বলছে, তাতে ইসি শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তে অটল থাকতে পারে কি না, তা নিয়ে সন্দিহান বিএনপি।

নির্বাচন কমিশনের রোডম্যাপের মূল্যায়নে শিগগিরই বিএনপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করার পর বিএনপির নেতারা বলছেন, আগে ভেঙে পড়া নির্বাচনব্যবস্থা পুনর্গঠন করতে হবে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আস্থা ফেরাতে হবে। তা না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে কোনো লাভ হবে না।

জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনের কোনো রোডম্যাপ, কোনো উদ্যোগই সফল হবে না—নির্বাচনকালীন সহায়ক সরকার না হলে। কারণ, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনে মূল সূত্রই হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। আগে এর নিষ্পত্তি হতে হবে।

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতে, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা পূরণ না করে নির্বাচন কমিশনের নির্বাচনের রোডম্যাপের গন্তব্য কোথায়, তা জনগণ জানে।

এখন পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্বের মূল দৃষ্টি নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দিকে। এর কোনো বিহিত না হলে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি যাবে কি না, গেলেও দলেরও কৌশল কী হবে; তা এখনো চূড়ান্ত নয় বলেই দলটির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। দলের শীর্ষ নেত্রী খালেদা জিয়া এখনো দলীয় সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার বিপক্ষে। এ বিষয়ে দলে নানা মত থাকা সত্ত্বেও বিএনপি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।

নির্বাচন কমিশনের নির্বাচনের রোডম্যাপ প্রকাশকে ‘ইতিবাচক’ এবং ‘দায়িত্বের অংশ’ বলে মন্তব্য করেন বিএনপির প্রতি সদয়, একই সঙ্গে দলটির রাজনীতির কড়া সমালোচক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমিও চাই নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন। কিন্তু সংবিধানের কারণে সে সম্ভাবনা নেই। বিএনপিও সে দাবি আদায়ে ব্যর্থ। এ ক্ষেত্রে ২০১৪ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী স্বপদে থেকে বিরোধী দলকে যে প্রস্তাব দিয়েছিলেন, আমি মনে করে সেটি এখনো অব্যাহত আছে। এটা হলেও একটা মোটামুটি সুষ্ঠু নির্বাচন হতে পারে।’

ইসির রোডম্যাপ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কারণে বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি হারিয়ে যায় কি না, এমন শঙ্কা থাকলেও সংলাপে অংশ নেওয়ার ব্যাপারে দলটি ইতিবাচক। রোডম্যাপ ঘোষণার আগের দিন সিইসির সঙ্গে দেখা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তাঁর দল আলোচনায় বিশ্বাস করে। তাই ইসির সংলাপে তারা অংশ নেবে।

আগামী সংসদ নির্বাচন নিয়েও দলের ভেতরে কয়েক ধরনের আলোচনা ও গুঞ্জন আছে। অধিকাংশ নেতার বিশ্বাস, বিএনপির ক্ষমতায় আসার ন্যূনতম সম্ভাবনা থাকবে, এমন নির্বাচন আওয়ামী লীগ হতে দেবে না। তবে এবার ৫ জানুয়ারির মতো ‘একতরফা’ ও ‘ভোটারবিহীন’ নির্বাচন হবে না। দলের ভেতরে এমন আলোচনাও আছে, বিএনপির একটি অংশকে হাত করে সরকার আগামী সংসদ নির্বাচনের কৌশল নিতে পারে। এ ক্ষেত্রে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার গুঞ্জন আছে।

 দলীয় সূত্র জানায়, নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলটি ৩০০ সংসদীয় আসনের প্রায় দুই-তৃতীয়াংশ আসনে ইতিমধ্যে প্রার্থী বাছাই গুছিয়ে এনেছে। সম্ভাব্য প্রার্থীদের প্রাধান্য দিয়েই মাঠপর্যায়ের কমিটি গঠন চলছে। গতকাল পর্যন্ত ৭৫টি সাংগঠনিক জেলার ৪৭টিতে কমিটি করা হয়েছে। এ প্রক্রিয়া অনুসরণ করে আরও অন্তত ২০টি জেলায় কমিটি গঠন চূড়ান্ত প্রক্রিয়াধীন আছে।

দলের দায়িত্বশীল নেতারা জানান, বিএনপির শীর্ষ নেতৃত্ব এবার মাঠপর্যায়ের কমিটি গঠনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রাধান্য দেওয়ার নীতি নিয়েছেন। এ ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থীদের হয় কমিটির শীর্ষ পদে রাখা হয়েছে, না হয় কমিটির শীর্ষ পদের নেতৃত্ব ঠিক করা হয়েছে তাঁদের সুপারিশে। এ ছাড়া কমিটির একটি অংশে রাখা হয়েছে বিগত আন্দোলনে দলের পক্ষে ভূমিকা মূল্যায়ন করে।

খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা যদি লেভেল প্লেয়িং ফিল্ড পাই, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার পাই, তাহলে আমরা যেকোনো সময় যেকোনো নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত আছি।’