ইসির সংলাপে দুটি ভিন্ন প্রস্তাব গুরুত্ব পেল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোট চালুর পক্ষে মত দিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এ ছাড়া ভোটের আগে সংসদ ভেঙে নির্দলীয় ব্যক্তির নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়েছে ২০ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
আজ বুধবার সকালে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপ করে। বিকেলে জাগপার ভারপ্রাপ্ত সভাপতি রেহানা প্রধানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে দুই নির্বাচন কমিশনার ও ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা ২৩টি প্রস্তাব উপস্থাপন করেছি। সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সুপারিশ ইসি আমলে নেবে প্রত্যাশা করি।’ তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব চালুর সুপারিশ করা হয়েছে। এতে ৫০ শতাংশ আসন এলাকাভিত্তিক প্রত্যক্ষ ভোট ও বাকি ৫০ শতাংশ আসনে ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন হতে পারেন। তফশিল ঘোষণার পর নির্বাচনকালীন তদারকি সরকার গঠনে রাজনৈতিক সমঝোতার প্রস্তাব করা হয়েছে বলেও তিনি জানান।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ইসির অধীনে রাখা, ভোটার সংখ্যা অনুপাতে সংসদীয় আসন পুনর্নির্ধারণ, ‘না’ ভোটের বিধান যুক্ত করা, প্রবাসীদের ভোটাধিকার, ইভিএম ব্যবহার না করা, অনলাইন মনোনয়নপত্র জমা চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত, গণমাধ্যমকে নিয়ন্ত্রণের তৎপরতা বন্ধ, সংসদ ভেঙে দেওয়াসহ সব মিলিয়ে ২৩ দফা সুপারিশ করেছে দলটি।
জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বলেন, ‘আমরা ইসির কাছে ১৪টি প্রস্তাব দিয়েছি। কমিশন এ বিষয়ে যত দূর সম্ভব উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে।’
জাগপার দেওয়া প্রস্তাবের মধ্যে রয়েছে—নির্বাচনকালীন সরকারের শপথ গ্রহণের পর পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি সাবেক সরকারি কর্মকর্তা, সাবেক বিচারপতি এবং দেশের বিশিষ্টজনদের সমন্বয়ে সৎ, গ্রহণযোগ্য, নির্দলীয় ব্যক্তি দ্বারা নির্বাচনকালীন সরকার গঠনের কথা রয়েছে। দলটির নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকার প্রধান থাকলে দেশের ভাবমূর্তি ও নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা বাতিল করে তিন মাসের অবকাশ কালীন ছুটি দেওয়া যেতে পারে।
ভোটের এক মাস আগে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন, সবার জন্য সমান সুযোগ, এমপি-মন্ত্রীদের সুবিধা বাতিল, গণমাধ্যমকর্মীদের অবাধ প্রবেশাধিকার এবং ইভিএম পদ্ধতি বাতিলসহ ১৪ দফা সুপারিশ রয়েছে জাগপার প্রস্তাবে।
নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ঈদের পরে ১০ সেপ্টেম্বর থেকে দলগুলোর সঙ্গে আবার সংলাপ শুরু করবে ইসি। ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সংলাপ শুরুর পর এ পর্যন্ত সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), খেলাফত মজলিস, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সঙ্গে মতবিনিময় করেছে ইসি।
এর আগে ৩১ জুলাই, ১৬ ও ১৭ আগস্ট সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে সংলাপ শেষ হয়েছে।