ইসির সঙ্গে বৈঠকে এক সুরে কথা বলবে ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ১৪ দলের শরিকদের সংবিধান অনুসারে এবং শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিতে জোর দেওয়ার আলোচনা হয়েছে। ১৪ দলের নেতারা মনে করেন, প্রতিটি দলের আলাদা আলাদা বক্তব্য থাকতে পারে। তবে সংবিধান ও শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রশ্নে এক বক্তব্য তুলে ধরা দরকার।

গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের এক বৈঠকে নির্বাচন কমিশনের ঘোষিত পথনকশা বা রোডম্যাপ এবং ১৪ দলের করণীয় নিয়ে আলোচনা হয়। তবে দলগুলোর শীর্ষস্থানীয় সব নেতার অংশগ্রহণ না থাকার কারণে বিষয়টি সাধারণ আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে বলছে এক কথা। আর মাঠ বা জেলা পর্যায়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হচ্ছে যে নির্বাচনে সেনাবাহিনীকে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে মোতায়েন এবং ‘না’ ভোটের সুপারিশ এসেছে। তিনি বলেন, এই পরামর্শ দেওয়ার এখতিয়ার তাঁদের নেই।

এ বিষয়ে সভার সভাপতি গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এখনই নির্বাচন কমিশনকে সমালোচনা বা প্রশংসা করে কিছু না বলার পরামর্শ দেন। বরং নির্বাচন কমিশনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং সংলাপে নিজেদের বক্তব্য তুলে ধরার পরামর্শ দেন।

সূত্র আরও জানায়, বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর এবং লন্ডনে হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইলের আমন্ত্রণে রাজনৈতিক দলের আলোচনা অনুষ্ঠানের বিষয়ে কথা হয়।

এ বিষয়ে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির (জেপি) শেখ শহিদুল ইসলামসহ কয়েকজন নেতা কথা বলেন।

বৈঠক সূত্র জানায়, খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তারেক জিয়া পলাতক আসামি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পলাতক আসামির সঙ্গে দেখা করে আইন লঙ্ঘন করেছেন।

দিলীপ বড়ুয়া বলেন, দুর্নীতির মামলা থেকে বাঁচতেই খালেদা জিয়া লন্ডনে গেছেন। সেখানে গিয়ে ষড়যন্ত্র করছেন। ফজলে হোসেন বাদশাও খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন।

শেখ শহিদুল ইসলাম সরকারি দল আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, লর্ড কার্লাইল জামায়াতের লবিস্ট, এটা আগেই প্রমাণিত। এরপরও তাঁর দাওয়াতে আওয়ামী লীগের প্রতিনিধিরা কেন লন্ডনে গেছেন, তা বোধগম্য নয়। সেখানকার হাইকমিশন কেন বিষয়টি জানল না, সেই প্রশ্নও তোলেন তিনি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলন

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক প্রশ্নের জবাবে বলেন, ‘কোনো জায়গায়, কোনো অবস্থায় বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। যারা হত্যায় রাজনৈতিক প্রশ্রয় দিয়েছে, ২০১৪ সালে মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে মেরেছে, তাদের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। আলোচনা হবে নির্বাচন কমিশনের সঙ্গে। নির্বাচন কমিশন তাদের ডেকেছে, কমিশনই নির্বাচন পরিচালনা করবে।’

নির্বাচন বর্জনের অধিকার সবার আছে—উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন বর্জন করার অধিকার সবার আছে। কিন্তু জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বিএনপিকে ডেকেছে। সেখানে তারা কথা বলবে। তাদের বক্তব্য থাকলে সেখানে বলতে পারে। কিন্তু কোনোভাবেই সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, ওয়ার্কার্স পার্টির নেতা কামরুল আহসান প্রমুখ।