ইসি-আওয়ামী লীগ ভোটে, জাতীয় ঐক্যফ্রন্ট মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

*বুধবার গণভবনে ছোট পরিসরে সংলাপ
*বৃহস্পতিবার সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর
*তফসিল পেছানোর দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট
*শুক্রবার থেকে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি

নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার হবে কি না? হলে সংসদ বহাল থাকবে, না ভেঙে নির্বাচন হবে? সরকারবিরোধীরা নির্বাচনে অংশ নেবে কি না? এসব প্রশ্নের সমাধান খুঁজতেই শুরু হয়েছে সংলাপ। সংলাপের ফল জানার জন্য যখন সবাই উদ্গ্রীব, ঠিক তখন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা না–করার প্রশ্নে তৈরি হয়েছে জটিলতা। আবার এই জটিলতার মধ্যেই সরকারি দল আওয়ামী লীগ আগ্রহী দলীয় নেতাদের মধ্যে মনোনয়নপত্র বিতরণের ঘোষণা দিয়েছে।

আজ বুধবার গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট পরিসরে সংলাপ। সংলাপের ফল কী, বিরোধীদের দাবি কতটুকু সরকার মানল, তা জানাতে কাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আওয়ামী লীগ, তাদের জোট ১৪ দল ও নির্বাচনী মিত্ররা ছক মেনেই নির্বাচনের পথে হাঁটছে।

বিরোধীদের জোট জাতীয় ঐক্যফ্রন্ট গত সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে তফসিল পেছানোর দাবি করেছে। কারণ হিসেবে তারা বলছে, সরকারের সঙ্গে সংলাপ চলছে। এর ফলাফল দেখে তফসিল ঘোষণা করা যেতে পারে।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে গতকাল মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের বলেন, সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় নির্বাচন করতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তফসিল পেছানোরও কোনো উপায় নেই। ইসি তফসিল পেছাবে না। তবে এর মধ্যে যদি সব দল নির্বাচন কয়েক দিন পিছিয়ে দিতে বলে, তখন পেছানো হবে।

সিইসির এই বক্তব্যের কয়েক ঘণ্টার মাথায় ‘অকারণে’ তফসিল ঘোষণা বিলম্বিত না করার দাবি নিয়ে ইসিতে গিয়ে হাজির হয় এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্ট। আজ জাতীয় পার্টির একটি প্রতিনিধিদল ইসিতে যাবে। দু–এক দিনের মধ্যে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলও ইসিতে যেতে পারে। তারাও তফসিল না পেছানোর অনুরোধ জানাবে। আগামী দিনগুলোতে আওয়ামী লীগ ও তার মিত্ররা একই সুরে কথা বলার কৌশল নিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র জানায়, ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ সফল হোক আর না হোক, আওয়ামী লীগ ও তার মিত্ররা বৃহস্পতিবারই তফসিল ঘোষণার পক্ষে। ইসি সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। ২০ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন ভোট গ্রহণের ভাবনা আছে ইসির। সে ক্ষেত্রে ২০ ডিসেম্বরকে সুবিধাজনক দিন বলে মনে করা হচ্ছে। ইসির এই ভাবনায় সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। তবে ঐক্যফ্রন্ট নির্বাচন পিছিয়ে জানুয়ারিতে করার পক্ষে। এর আগে তারা আওয়ামী লীগের সঙ্গে সাত দফা দাবির বিষয়ে একটা সম্মানজনক সমাধানে আসতে চাইছে। ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবির পাল্টা হিসেবে আওয়ামী লীগই বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্টকে মাঠে নামিয়েছে। যুক্তফ্রন্টকে দিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটে ভাঙন এবং বিএনপির কিছু সাবেক নেতাকে যুক্তফ্রন্টে যোগ দেওয়ার বিষয়ে পেছন থেকে কাজ করেছে সরকারি জোট।

বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের নেতৃত্বে যুক্তফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক করে। বৈঠকে যুক্তফ্রন্ট পাঁচ দফা লিখিত দাবি জানায়। একটি দাবিতে তারা বলেছে, নির্বাচনের তফসিল ঘোষণা অকারণে বিলম্বিত হলে জাতির মধ্যে সংশয়, বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি হবে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ছাড়া ইসিকে সংবিধান অনুযায়ী নির্বাচন করা, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব না হয় সেটা দেখা, সরকার বা অন্য কোনো জোটের চাপ বা ভয়ভীতির মুখে মাথা নত না করার দাবি জানিয়েছে যুক্তফ্রন্ট।

বৈঠক শেষে আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, তাঁরা আশ্বস্ত হয়েছেন, ইসি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টা করবে। ইসি তাঁদের জানিয়েছে, ৮ নভেম্বর তফসিল ঘোষণা করা হবে। এটি পরিবর্তনের সম্ভাবনা নেই।

আজ সংলাপের পর কী
আজ দুপুরে গণভবনে ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের যে ছোট পরিসরের সংলাপ, তাতে সংবিধান বিশেষজ্ঞদের আধিক্য থাকছে বলে দুই পক্ষের সূত্রই নিশ্চিত করেছে। অর্থাৎ সংবিধানের চুলচেরা বিশ্লেষণ করে নিরপেক্ষ নির্বাচনের একটা রূপরেখা দেবে ঐক্যফ্রন্ট। সমাধানে না আসতে পারলে আরও সংলাপের প্রয়োজনীয়তার কথা বলতে পারে ঐক্যফ্রন্ট। তবে অবশ্যই শেখ হাসিনার অধীনে নির্বাচনকালীন সরকার থাকবে, সংসদ না ভেঙে নির্বাচন হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন হবে না—এই মৌলিক বিষয়গুলোতে ছাড় না দিয়ে আওয়ামী লীগ ও ১৪ দল আজই ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষ করতে চাইবে।

ঐক্যফ্রন্ট আভাস দিয়েছে, কাঙ্ক্ষিত ফল না পেলে তাদের পরবর্তী পদক্ষেপ আন্দোলন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভা থেকে সাত দফা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আজকের সংলাপে সমঝোতা না হলে আগামীকাল ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত রোডমার্চ কর্মসূচি এবং শুক্রবার সেখানে জনসভা করার ঘোষণা দিয়েছে ঐক্যফ্রন্ট। রাজশাহীর বিএনপি নেতারা জনসভার স্থান নির্ধারণ করতে গতকাল পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।

ইসি ও আওয়ামী লীগের প্রস্তুতি
গতকাল সকালে সিইসি নুরুল হুদা সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। কারণ, ১৫ জানুয়ারি থেকে দুই দফায় বিশ্ব ইজতেমা হবে। ইজতেমার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যস্ত থাকতে হয়। আবার জানুয়ারির ১ তারিখ থেকে স্কুলগুলো খোলা থাকে। তা ছাড়া জানুয়ারিতে শীত ও কুয়াশা থাকে। চরাঞ্চলে, নদীপথে যাতায়াত ঝুঁকিপূর্ণ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ তাদের দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে শুক্রবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। সকাল ১০টা থেকে মনোনয়নে আগ্রহী প্রার্থীদের ধানমন্ডিতে দলীয় প্রধান শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে ফরম বিতরণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।