ইস্যু ধামাচাপা দিতে খালেদার বিরুদ্ধে পরোয়ানা: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকে ডিজিটাল ডাকাতি, কলেজছাত্রী তনু হত্যা ও ইউনিয়ন পরিষদে (ইউপি) তামাশার নির্বাচনকে ধামাচাপা দিতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত সমাবেশে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। তিনি বলেন, ‘এতে আমরা বিভ্রান্ত হব না। জনগণ বিভ্রান্ত হবে না।’

বিএনপির এই নেতার অভিযোগ, বর্তমান সরকার যেমন গায়ের জোরে ক্ষমতায় আছে, তেমনি ইউনিয়ন পরিষদেও নির্বাচন করেছে। দেশ-বিদেশের সবাই বলছে, এটি তামাশার নির্বাচন হচ্ছে। তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করে বলেন, এর লক্ষ্য জিয়া পরিবার ও জাতীয়তাবাদী চেতনাকে ধ্বংস করা। কারণ, তারা খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। খালেদা জিয়াকে শাস্তি দিয়ে, তাঁকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে দমানো যাবে না।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু গ্রেপ্তার করতে পারবে না। যদি কোনো কারণে নেত্রীকে কারাগারে নেওয়া হয়, আমরা সবাই গণগ্রেপ্তারে যাব এবং আমি প্রথমে থাকব।’

ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আওয়ামী লীগের ঐতিহ্য হলো ভোট ডাকাতি, ব্যাংক ডাকাতি, মানুষের পকেটের টাকা ডাকাতি। এই ডাকাতের সর্দার হলেন জননেত্রী। গুম, খুন হলো ওদের চারিত্রিক বৈশিষ্ট্য।’ তিনি বলেন, ‘বাড়িতে ডাকাত পড়লে তাড়ানোর প্রথম দায়িত্ব বাড়িওয়ালার। জনগণ ঘুমিয়ে থাকলে ডাকাত আসবেই। তাই ডাকাতদের উৎখাত করে দেশকে বাঁচানো জনগণের নৈতিক দায়িত্ব।’

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নেতা সেলিমা রহমান, ফজলুল হক, আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, শিরীন সুলতানা প্রমুখ।