ইয়াবা প্রতিরোধে জনপ্রতিনিধিদের শপথ করালেন সাংসদ বদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভা ও ছয়টি ইউনিয়ন পরিষদের মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, সংরক্ষিত নারী ও ইউপি সদস্যদের ইয়াবা প্রতিরোধে কাজ করতে শপথ করিয়েছেন সাংসদ আবদুর রহমান বদি। তিনি বলেন, ‘আপনাদের কারও ভাই, আত্মীয়স্বজন ইয়াবা ব্যবসায় জড়িত থাকলে তাঁদের বাধা দেন। যদি আপনাদের বাধায় কাজ না হয় তাহলে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করুন।’

অবশ্য সাংসদ বদির ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিভিন্ন সময় ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সভায় সাংসদ বলেন, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। ইয়াবা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

গতকাল রোববার সকালে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা এবং সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী সভা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন সাংসদ।

সভায় বক্তারা বলেন, কিছু ইয়াবা ব্যবসায়ীর জন্য টেকনাফের বদনাম হচ্ছে। এ অবস্থার অবসান ঘটাতে হবে। ইয়াবার বিরুদ্ধে এলাকাভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমুদ্রপথে মানব পাচার বন্ধ হলে ইয়াবা ব্যবসা কেন বন্ধ করা যাবে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম ইউনুচ বাঙ্গালী, নারী ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার, বাহারছড়ার ইউপির চেয়ারম্যান আজিজ উদ্দিন, সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ সদর ইউপির চেয়ারম্যান শাহাজাহান মিয়া, সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান নুর আহমদ, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-২ আবদুল্লাহ মনির প্রমুখ। আলোচনা সভা শেষে জনপ্রতিনিধিদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন সাংসদ।