ঈদ উৎসবে নির্বাচনের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পরপরই ভোট হবে দেশের চার বড় শহরে। মাস ছয়েকের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন। তাই চার সিটি করপোরেশন তো বটেই, সারা দেশেও নির্বাচনের ঢেউ লাগছে এই ঈদে। ঈদ সামনে রেখে নিজ নিজ গ্রামে ছুটছেন কর্মজীবী মানুষ। আর নানাভাবে তাঁদের কাছে যাওয়া, নজর কাড়ার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা।

ঈদের পরপর গাজীপুরে ভোট হবে ২৬ জুন। আর ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে ভোট। তাই এই চার সিটিতে ঈদ-রাজনীতিও তুলনামূলক বেশি জমজমাট। রমজানজুড়েই ছিল ইফতারকেন্দ্রিক কর্মসূচি। বাড়তি মাত্রা যোগ করছে বিভিন্ন ধরনের ‘ঈদ শুভেচ্ছা’। শুভেচ্ছা বিনিময়ের নামে গণসংযোগও চালাবেন অনেকে। সব মিলিয়ে এবারের ঈদ উৎসবে যোগ হচ্ছে নির্বাচনী আমেজ।

দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় ও জাতীয় নির্বাচনে লড়তে ইচ্ছুকদের প্রায় সবাই রঙিন পোস্টার, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন দিয়ে সংসদীয় আসনের মানুষদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে আবার ঈদ শুভেচ্ছা হিসেবে বিতরণ করছেন সেমাই-চিনি, জামা-কাপড়সহ বিভিন্ন ঈদ উপহার। আর আছে গরিবদের জাকাত দেওয়া। প্রতি রোজা বা ঈদে এসব কাজ করেন রাজনৈতিক নেতারা। তবে সিটি ও জাতীয় নির্বাচন সামনে রেখে এবার এই প্রবণতা বেশি।

সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনে গত বুধবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রি। আনুষ্ঠানিক প্রচার শুরু হবে ঈদের পর ১০ জুলাই থেকে। কিন্তু সম্ভাব্য প্রার্থীরা বসে নেই। রোজা-ঈদকে কাজে লাগিয়ে ভোটারদের কাছে যেতে ব্যস্ত তাঁরা। ঈদ শুভেচ্ছার পোস্টার-ব্যানার দিয়ে, ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে নানাভাবে চালাচ্ছেন প্রচার।

অবশ্য আগামী ২০ জুনের মধ্যে এই তিন সিটিতে সব প্রচারণার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয় বলে সাংবাদিকদের জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

ঈদের পর প্রচার জমবে গাজীপুরে

ঈদের পর ১৮ জুন থেকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। অবশ্য প্রার্থীরা এখন থেকেই প্রচার চালাচ্ছেন। তবে ঈদের ছুটি কিছুটা চিন্তায় ফেলছে এখানকার প্রধান দুই প্রার্থীকে। কারণ, এই সিটিতে প্রায় এক লাখ ভোটার বিভিন্ন জায়গা থেকে আসা পোশাকশ্রমিক। ঈদের ছুটিতে সবাই গেছেন বাড়িতে। তারপরও ঈদেই জমবে নির্বাচনী প্রচার।

বিএনপির মেয়র প্রার্থী হাসান সরকার বলেন, ঈদের ছুটিতে ভোটারদের অনেকে বাড়ি গেছেন। ঈদের পর নির্বাচনী মাঠ আবার সরব হবে। ১৮ জুন থেকে তাঁরা সর্বাত্মক প্রচারে নামবেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ঈদের দিন ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ১৮ জুন থেকে তাঁরা পুরোদমে মাঠে নামবেন।

সিলেটে এক মঞ্চে সম্ভাব্য চার প্রার্থী

সিলেট নগরের কেন্দ্রস্থল চৌহাট্টা, আম্বরখানাসহ নগরের প্রায় সব মোড় ও দর্শনীয় স্থানগুলো ছেয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের ঈদ শুভেচ্ছার ব্যানার-পোস্টারে। এসবের বেশির ভাগই আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের প্রচারও চোখে পড়ছে। তাঁরা আওয়ামী লীগের মনোনয়ন চান।

গত বুধবার রাতে এক প্রীতি ফুটবল ম্যাচে ছিলেন সম্ভাব্য এই চার মেয়র প্রার্থী। সিলেট ক্রীড়া লেখক সমিতি জেলা স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে ওই খেলার আয়োজন করে। আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন কামরান, ব্রাজিল সমর্থক দলের আরিফুল। ব্রাজিলে খেলেছেন আসাদ। ১-১ গোলে ড্র হওয়া খেলা শেষে দুই দলের হাতে ট্রফি তুলে দেন সেলিম।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনও বিএনপির মনোননয়ন পেতে আগ্রহী। এ ছাড়া বিএনপির জোটমিত্র জামায়াতে ইসলামীর নেতা এহসানুল মাহবুব জুবায়েরের সমর্থনেও নগরের বিভিন্ন স্থানে ফেস্টুন সাঁটানো হয়েছে। গতকাল পর্যন্ত মেয়র পদে কেউ মনোননয়পত্র নেননি। গতকাল ১৪ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

রাজশাহী ছেয়ে গেছে লিটনের পোস্টারে

রাজশাহীতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন অনেকটা চূড়ান্ত। বিএনপির মনোনয়ন পেতে পারেন বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, বিএনপি নির্বাচনে গেলে তিনিই দলের প্রার্থী, এটা দলের ওপর মহল থেকে তাঁকে নিশ্চিত করা হয়েছে।

এর বাইরে জাতীয় পার্টি, জামায়াত ও সিপিবি স্থানীয়ভাবে তাদের প্রার্থী ঠিক করেছে।

খায়রুজ্জামানের ঈদ শুভেচ্ছার রঙিন পোস্টারে ছেয়ে আছে রাজশাহী শহর। বিপরীতে মোসাদ্দেক হোসেনও ঈদের শুভেচ্ছা জানিয়ে কিছু বিলবোর্ড লাগিয়েছিলেন। তার প্রায় সবগুলোই কে বা কারা গত মাসে সরিয়ে ফেলে।

রাজশাহীতেও মেয়র পদে গতকাল পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে ২৬ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন।

বরিশালে বিএনপি চুপচাপ

বরিশাল নগরেও ঈদের শুভেচ্ছা জানিয়ে অনেকে নগরজুড়ে ব্যানার-ফেস্টুন দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে সরব নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ ছাড়া আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ শামীম ফারুক। তিনি বিভিন্ন মসজিদে মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা এবং সামাজিক নানা অনুষ্ঠানে হাজির হয়ে প্রচার চালাচ্ছেন।

তবে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের কারও ব্যানার-পোস্টার দেখা যায়নি। অবশ্য তাঁরা দলীয় ও ব্যক্তিগতভাবে ইফতার আয়োজন করে পরোক্ষভাবে নির্বাচনী প্রচারে আছেন।

বরিশাল নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী প্রথম আলোকে বলেন, জুলাইয়ে সিটি ও আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন ঘিরে নগরজুড়ে নির্বাচনী আমেজ চলে এসেছে। ঈদের পর এটা আরও জমজমাট হয়ে উঠবে।

তৎপর সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরাও

ঈদ সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপির কেন্দ্রীয় নেতাদের বেশির ভাগই ছুটছেন নিজ নিজ এলাকায়। তবে ঈদের তৃতীয় দিন থেকে বসবে সংসদ অধিবেশন। তাই সাংসদদের অনেকে এলাকায় বেশি সময় দিতে পারবেন না।

বিএনপি নির্বাচনে যাবে কি না, তা নিশ্চিত করে কেন্দ্র থেকে ঘোষণা না এলেও বসে নেই মনোনয়নপ্রত্যাশীরা। নানাভাবে তাঁরাও চেষ্টা করছেন নেতা-কর্মী-ভোটারদের কাছে যেতে। তবে আওয়ামী লীগের চেয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা তুলনামূলক কম।

দেশের বিভিন্ন জায়গায় মনোনয়নপ্রত্যার্শীরা ভোটারদের শাড়ি, লুঙ্গি, নগদ টাকা ও সেমাই-চিনি বিতরণ করেছেন। এ ক্ষেত্রে এগিয়ে আছেন ক্ষমতাসীন দলের বর্তমান সাংসদেরা। তাঁদের পাশাপাশি অন্য মনোয়নপ্রত্যাশীরাও নানাভাবে সরব মাঠে। বিশেষত ঈদ শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ব্যানার দিয়ে সংসদীয় এলাকার মানুষজনকে নিজের বিষয়ে জানান দিচ্ছেন তাঁরা। মন্ত্রী-সাংসদেরা যেমন আছেন, তেমনি ঈদ ঘিরে সরব হয়েছে অনেক নতুন মুখ। আবার ঈদ ঘিরে এমন অনেকে সরব হয়েছেন যাঁরা এত দিন রাজনীতির মাঠে ছিলেন না।