ঈদ ঘিরে ভোটের রাজনীতি
রাজনৈতিক দলের নেতারা ঈদ উদ্যাপনকে নির্বাচনী প্রস্তুতিতে রূপ দেওয়ার চেষ্টা করেছেন। নতুন মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিরা নিজের জানান দিয়ে পোস্টার-ব্যানারে ছেয়ে ফেলেন নিজ নিজ নির্বাচনী এলাকা। বর্তমান সাংসদেরা নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় করেছেন। কেউ কেউ কোরবানির পশু ও মাংস বিলিয়েছেন। এই কাজে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাই সবচেয়ে এগিয়ে ছিলেন। তবে বিএনপিসহ অন্য দলের প্রার্থীদের তৎপরতাও ছিল।
প্রথম আলোর জেলা ও উপজেলার ২২ জন প্রতিনিধি ঈদের আগে-পরে রাজনৈতিক নেতাদের তৎপরতা পর্যবেক্ষণ করে ঈদে রাজনীতিকদের নির্বাচনী প্রস্তুতির এই চিত্র পান। নতুন মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিদের কেউ কেউ দাবি করেছেন, দল থেকে ‘সবুজ সংকেত’ পেয়েই মাঠে নেমেছেন তাঁরা। পুরোনোদের চেয়ে নতুনদের পোস্টার, ব্যানার ও তৎপরতা—সবই বেশি ছিল।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ-৮) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লুৎফুল্লাহেল মাজেদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁদের সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানের নামে পশু কোরবানি করেন বলে জানিয়েছেন।
ঈশ্বরদী (পাবনা-৪) আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তিনি গ্রামের বাড়ি লক্ষ্মীকুণ্ডা ঈদগাহ মাঠে ঈদের দিন বক্তব্য দেন। পরদিন আটঘরিয়া উপজেলায় নৌকাবাইচ উদ্বোধন করেন।
আওয়ামী লীগের আগের কমিটির সহসম্পাদক ছিলেন মো. আবদুল আলিম। পেশায় প্রকৌশলী এই নেতার বাড়ি পাবনার ঈশ্বরদীতে। এলাকায় প্রায় ৭৫ হাজার পোস্টার লাগিয়ে নিজের প্রার্থিতা জানান দিয়েছেন তিনি। উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ডিগ্রীপাড়া ঈদগাহ মাঠ উন্নয়নের জন্য ঈদের জামাতে তিনি ৫০ হাজার টাকা অনুদান দেন। খেলার উপকরণ ও টেলিভিশন দেন শেখের দাইড় গ্রামে। তিনি দাবি করেন, দলের উচ্চপর্যায় থেকে তাঁকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামী পাবনা জেলা কমিটির আমির আবু তালেব মণ্ডল নিজেকে ২০ দলের প্রার্থী বলে প্রচার চালাচ্ছেন। তাঁর নামে প্রায় ২৫ হাজার পোস্টার-বিলবোর্ড টানানো হয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন।
চট্টগ্রামের বাঁশখালীতে সব দল মিলিয়ে আটজনের দৌড়ঝাঁপ চোখে পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী দাবি করেন, তিনি ঈদের আগের দিন ৪৫টি গরু বিতরণ করেছেন।
বরিশালের গৌরনদী-আগৈলঝাড়ায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতারা সরকারি দলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেন। সাবেক সাংসদ জহির উদ্দিন দাবি করেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা মোটরসাইকেলে সশস্ত্র মহড়া দিয়ে আতঙ্ক ছড়িয়েছেন। তাঁকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। ঈদের দিন পুলিশের দল তাঁর বাড়িতে গিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে, চারপাশে চারটি চেকপোস্ট বসিয়ে হয়রানি করেছে। বিএনপির অন্য সম্ভাব্য প্রার্থীরাও সরকারি দলের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ করেছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সাবেক সাংসদ এম জহির উদ্দিনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বন্ধ করা হয়নি। পুলিশের কাছে সংবাদ ছিল তাঁর বাড়িতে বিভিন্ন মামলার পলাতক আসামি আনাগোনা করছে। নিরাপত্তাজনিত কারণে তাঁর বাড়ির সামনের সড়কে পুলিশি টহল জোরদার করা হয়।
এই আসনে আওয়ামী লীগের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ।
এর বাইরে দিনাজপুরসহ উত্তরের বিভিন্ন জেলা বন্যায় বিধ্বস্ত। এসব এলাকার সাংসদেরা দীর্ঘদিন ধরেই নিজের নির্বাচনী এলাকায় ত্রাণ তৎপরতা চালাচ্ছেন। ঈদেও তাঁরা তৎপর ছিলেন। রংপুরে সিটি করপোরেশন নির্বাচন ঘনিয়ে এসেছে। এ জন্য ওই এলাকায় যেসব পোস্টার-ব্যানার ছাপানো হয়েছে, এর বেশির ভাগই সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র কিংবা কাউন্সিলর প্রার্থীদের।