যেকোনো উৎসবেই সিলেটে রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা তাঁদের নেতাদের পক্ষ থেকে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড-ফেস্টুন সাঁটান। এবারের ঈদেও এর ব্যতিক্রম হয়নি। তবে এবারের প্রচারণা নির্বাচন ঘিরে।
কর্মীদের ভাষ্য, সিলেট সিটি করপোরেশনের বর্তমান পরিষদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে আগামী বছরের জুনে। ওই বছরের মাঝামাঝিতে করপোরেশনের নির্বাচন হওয়ার কথা। তাই বিলবোর্ড-ফেস্টুনে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে মূলত সম্ভাব্য প্রার্থীরা আগাম নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নগরের ২৭টি ওয়ার্ডের অন্তত ৪২টি পাড়া-মহল্লা ঘুরে দেখা গেছে, সবখানেই সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিলবোর্ড-ফেস্টুন সাঁটানো। এতে অনেক কাউন্সিলর প্রার্থী নিজেদের ‘সম্ভাব্য’ হিসেবে জানান দিলেও কোনো মেয়র প্রার্থী সরাসরি নিজেদের ‘সম্ভাব্য প্রার্থী’ হিসেবে দাবি করেননি। তবে তাঁদের অনুসারী-সমর্থকেরা এসব নেতার ছবি ব্যবহার করে ‘মেয়র হিসেবে দেখতে চাই’ সংবলিত বিলবোর্ড সাঁটিয়েছেন।
আওয়ামী লীগ ও বিএনপির ছয়জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের ২৭টি ওয়ার্ডে কয়েক শ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বিলবোর্ড-ফেস্টুন সাঁটিয়ে প্রচারণায় অংশ নিয়েছেন। এর বাইরে অন্তত ছয়জন সম্ভাব্য মেয়র প্রার্থী নির্বাচন প্রসঙ্গ না টানলেও বিলবোর্ডের মাধ্যমে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
দেখা গেছে, করপোরেশনের বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও ব্যবসায়ী মাহি উদ্দিন আহমদ এবং স্থানীয় সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে সাহেদ মুহিত উল্লেখযোগ্য।
আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আরিফুল, কামরান, আসাদ ও নাসিমের নাম সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আগে থেকেই আলোচনায় ছিল। তবে আওয়ামী লীগের কয়েকজন কর্মী ঈদ শুভেচ্ছায় অর্থমন্ত্রীর ছবির সঙ্গে তাঁর বড় ছেলে সাহেদ মুহিতের ছবিও সাঁটিয়েছেন। এটি নগরবাসীর কাছে সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছে। এর বাইরে সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা মাহি উদ্দিনের অর্থমন্ত্রীর ছবিসহ ঈদ শুভেচ্ছা জানানোটাও বেশি আলোচিত হচ্ছে।
নগরের কেন্দ্রস্থল চৌহাট্টা ও রিকাবীবাজার এলাকা ঘিরেই রাজনৈতিক প্রচারণা বেশি চোখে পড়ে। নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চৌহাট্টা এলাকায় আরিফুল হক চৌধুরী ও আসাদ উদ্দিন আহমদ তোরণ-বিলবোর্ড লাগিয়েছেন। মাহি উদ্দিন আহমদ অর্থমন্ত্রীর ছবিসংবলিত ঈদ শুভেচ্ছার বিলবোর্ড সাঁটিয়েছেন। পাশের রিকাবীবাজার এলাকার বিলবোর্ডটি মহানগর আওয়ামী লীগ কর্মী এ কে এম লায়েক সাঁটালেও সেখানে থাকা অর্থমন্ত্রীর ছেলে সাহেদ মুহিতের ছবিটিই মূলত আলোচনার জন্ম দিয়েছে। বন্দরবাজার এলাকায় রয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান এবং মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সমর্থনে কর্মীদের সাঁটানো বিলবোর্ড।
সাহেদ মুহিতের ছবি যে বিলবোর্ডে রয়েছে, সেটি মূলত সাঁটানো হয়েছে মহানগর আওয়ামী লীগ কর্মী ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক এ কে এম লায়েকের সৌজন্যে। এ ব্যাপারে লায়েক বলেন, সাহেদকে নগরবাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে। তিনি জানান, একজন ভালো ও সৎ মানুষের ছেলে হিসেবে যদি সাহেদ মুহিত কখনো রাজনীতিতে আসেন, তাহলে সিলেটবাসীই উপকৃত হবেন। তাই দলের বৃহত্তর স্বার্থে সিলেটের রাজনীতিতেও তাঁর মতো শিক্ষিত মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ প্রয়োজন।
বাবার ছবির সঙ্গে ছেলের ছবিসংবলিত ঈদ শুভেচ্ছা—এ প্রসঙ্গে সাহেদ মুহিতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সম্প্রতি একাধিকবার তাঁর মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
মাহি উদ্দিন আহমদ অর্থমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তিনি অর্থমন্ত্রীর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড ও একাধিক তোরণ দিয়েছেন। নিজের পছন্দ তুলে ধরেছেন জানিয়ে মাহি উদ্দিন বলেন, ‘অর্থমন্ত্রীকে আমি পছন্দ করি, তাই তাঁর পক্ষ হতে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। এতে অন্য কোনো উদ্দেশ্য নেই।’ তবে মাহি উদ্দিনের ঘনিষ্ঠ একজন দাবি করেছেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আসাদ উদ্দিন আহমদের পক্ষ থেকে নগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি মেয়র হিসেবে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে নগরে তাঁর কর্মী-সমর্থকেরা একাধিক বিলবোর্ড সাঁটিয়েছেন। এ প্রসঙ্গে আসাদ উদ্দিন বলেন, ‘কর্মী-সমর্থকেরা আমাকে পছন্দ করে ঈদ শুভেচ্ছার পাশাপাশি মেয়র পদে মনোনয়নের দাবিসংবলিত বিলবোর্ড সাঁটিয়েছেন। এটি একান্তই তাঁদের নিজস্ব ব্যাপার। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে দল চাইলে আমি মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী।’
বদরউদ্দিন আহমদ কামরানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর এক অনুসারী দাবি করেছেন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিচারে নগর আওয়ামী লীগে এখনো কামরানের কোনো বিকল্প নেই। তাই কর্মী-সমর্থকেরাও তাঁকে পুনরায় মেয়র হিসেবে দেখতে চান জানিয়ে নগরে বিলবোর্ড-ফেস্টুন সাঁটিয়েছেন।
নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঈদের শুভেচ্ছা জানাইনি। তবে আগামী সিটি করপোরেশন নির্বাচনে আমি মেয়র পদে দলের মনোনয়ন চাইব।’
আরিফুল হক চৌধুরী বলেন, ‘নির্বাচিত মেয়র হিসেবে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। এতে অন্য কোনো উদ্দেশ্য নেই। সিটি নির্বাচন নিয়ে এ মুহূর্তে আমার কোনো ভাবনা-চিন্তা নেই। নির্বাচন আসুক, তখন দেখা যাবে।’