ঈদে চট্টগ্রামের নেতাদের 'নির্বাচনী মেজবান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি ঈদে চট্টগ্রামের আওয়ামী লীগ ও বিএনপির নেতারা কর্মী-সমর্থকদের জন্য পৃথকভাবে মেজবানের আয়োজন করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এই ঈদের মেজবান কেবল খাওয়াদাওয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। নির্বাচনের প্রস্তুতি নিয়েও অনুগত কর্মী-সমর্থকদের সঙ্গে মেজবানে আলাপ করেছেন নেতারা।

বিএনপির চার নেতা পৃথকভাবে মেজবানের আয়োজন করে হাজারো নেতা-কর্মীর সমাবেশ ঘটিয়েছেন চট্টগ্রাম নগরের চারটি এলাকায়। এই চার নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিন এবং নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। দলীয় নেতা-কর্মীরা এসব আয়োজনকে ‘নির্বাচনী মেজবান’ বলে মন্তব্য করেছেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবার নেতা-কর্মীদের জন্য টানা দুই দিন মেজবানের আয়োজন করেন। তিনটি গরু জবাই করে তেহারি দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। আগামী সংসদ নির্বাচনে পতেঙ্গা-হালিশহর থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলমও তাঁর বাড়িতে নেতা-কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করেন।

বিএনপি নেতা আমীর খসরু ঈদের পরের দিন তাঁর মেহেদীবাগের বাড়িতে প্রায় আট হাজার নেতা-কর্মীর জন্য মেজবান আয়োজন করেন। খাবারের মধ্যে ছিল মাংস ও পরোটা। ঈদের পরের দিন সকাল ১০টা বিকেল ৫টা পর্যন্ত এই আয়োজন চলে।

এই আয়োজন সম্পর্কে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দলের নেতা-কর্মীরা চাপের মুখে আছে। হামলা-মামলায় বিপর্যস্ত। তাঁদের চাঙা রাখতে ঈদ উপলক্ষে এই আয়োজন করেছি।’

বিএনপির আরেক শীর্ষ নেতা আবদুল্লাহ আল নোমানও ঈদের পরের দিন তাঁর নির্বাচনী এলাকা পাহাড়তলী, ডবলমুরিং ও খুলশীর ১৩ হাজার নেতা-কর্মীর জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন। নগরের কাজীর দেউড়ি মোড়ের একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন চলে ঈদের পরের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত। খাবার রান্নার কাজে যুক্ত এক বাবুর্চি বলেন, ২৩ মণ গরুর মাংস ও ৫ মণ মুরগি ছিল। এ ছাড়া ছিল পায়েস।

মীর মোহাম্মদ নাছিরউদ্দিন নগরের চট্টেশ্বরী রোডের ডালিয়া কুঞ্জের নিজ বাড়িতে তিনটি গরু জবাই করে নেতা-কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করেন। নগরের পাশের হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং নগরের নেতা-কর্মীরা তাঁর মেজবানে অংশ নেন।

হাটহাজারী থেকে মীর মোহাম্মদ নাছিরউদ্দিন কিংবা তাঁর ছেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন নির্বাচন করতে আগ্রহী। মীর হেলাল উদ্দিন বলেন, ‘হাটহাজারী আমার গ্রামের বাড়ি। চট্টগ্রামে এলে হাটহাজারী ছুটে যাই। রাজনীতি যেহেতু করি, নির্বাচন করার ইচ্ছে কার না থাকে? ঈদ উপলক্ষে ডালিয়া কুঞ্জে আমরা নগর ও গ্রামের নেতা-কর্মীদের মিলনমেলার আয়োজন করেছি।’

চট্টেশ্বরী থেকে এক কিলোমিটার দূরে জামালখান এলাকার একটি কমিউনিটি সেন্টারে বড় দুটি গরু জবাই করে মেজবানির মাংস এবং তিন মণ মাছ দিয়ে প্রায় আট হাজার লোকের জন্য মেজবানের ব্যবস্থা করেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘সামনে নির্বাচন। এ জন্য নিজ এলাকায় গিয়ে কাজ করা এবং নির্বাচন-সহায়ক সরকারের দাবি আদায় করে নিতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করার নির্দেশ দিয়েছেন ম্যাডাম (খালেদা জিয়া)। আমি কোতোয়ালি থেকে নির্বাচন করতে চাই। প্রকাশ্যে বিএনপির রাজনীতির ওপর অঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে। তাই ঈদ উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে তিনটি গরু জবাই করে পুনর্মিলনীর আয়োজন করেছি।’

চট্টগ্রাম নগরের চশমাহিলের বাসায় ঈদের দিন তিনটি গরু ও দুটি ছাগল এবং ঈদের পরের দিন দুটি গরু ও দুটি ছাগল জবাই করে প্রায় পাঁচ হাজার নেতা-কর্মীকে খাওয়ান এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অবশ্য তিনি প্রায় দুই যুগ ধরে ঈদের সময় নেতা-কর্মীদের জন্য এমন আয়োজন করে আসছেন।

মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি কর্মী ও সমর্থকদের নিয়ে রাজনীতি করি। এরা দলের প্রাণ। তাই কেবল ঈদ নয়, সারা বছর এ ধরনের মেজবানের আয়োজন করি।’