ঈদে যাত্রী সেবা নির্বিঘ্ন করার দাবি বিএনপির
ঈদে সাধারণ মানুষের আসা-যাওয়া নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন আজ সোমবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
আসাদুজ্জামান রিপন সরকারকে আগাম সতর্ক করে দিয়ে বলেন, প্রতি বছর ঈদকে সামনে রেখে বাস, লঞ্চ রং করে নামানো হয়; যেগুলো দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তিনি এদিকে নজর দেওয়ার আহ্বান জানান, যাতে দুর্ঘটনা না ঘটে।
বিএনপির এই মুখপাত্র দলের বন্দী নেতাদের মুক্তির দাবি জানিয়ে বলেন, কারাগারে অনেক নেতা অসুস্থ। তাদের স্বাস্থ্যহানি হচ্ছে। দমন-পীড়ন করে কোনো রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করা যায় না। আওয়ামী লীগই এর প্রমাণ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল করা হবে—সরকারি পর্যায় থেকে এমন বক্তব্যের বিষয়ে আসাদুজ্জামান রিপন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে হয়রানির চেষ্টা করলে মানুষ তা মেনে নেবে না। দুর্নীতিবাজ মন্ত্রীরা বহাল থাকার সমালোচনা করেন তিনি।