ঈদের আগে বকশিশের সুযোগ করে দিতে সাঁড়াশি অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি দমনের নামে সারা দেশে গণগ্রেপ্তার ও গ্রেপ্তার-বাণিজ্য চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, পুলিশনির্ভর সরকার ঈদের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বকশিশ হিসেবে গ্রেপ্তার-বাণিজ্যের সুযোগ করে দিচ্ছে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন।
জঙ্গি দমনে গত শুক্রবার থেকে সারা দেশে এক সপ্তাহের সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিজভী বলেন, জঙ্গি দমনের নামে দেশব্যাপী যে গণগ্রেপ্তার ও গ্রেপ্তার-বাণিজ্য চলছে, তাতে পুরো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও রহস্যজনক বলে জনগণ মনে করেন। জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এর অন্তরালে সরকারের বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ, শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।