ঈদুল আজহার পরে ঢাকার বাইরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জনসংযোগ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন ২০-দলীয় জোটের নেতারা।
গতকাল মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তবে খালেদা জিয়া কবে থেকে জনসংযোগ শুরু করবেন, সে তারিখ চূড়ান্ত হয়নি। বৈঠকে জোটের শরিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকের একটি সূত্র জানায়, হজ, তাবলিগ জামাত ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। মন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে কর্মসূচি দেওয়ার ব্যাপারে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। খালেদা জিয়া এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানাবেন বলে বৈঠকে জানানো হয়।
বৈঠক শেষে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান সাংবাদিকদের বলেন, বৈঠকের বিষয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত জানাবেন।